সহিংস বিক্ষোভ রুখতে ফ্রান্সে আতশবাজি ও মর্টার নিষিদ্ধ

দেশজুড়ে চলমান তীব্র বিক্ষোভ এবং শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আতশবাজি মর্টার (ফায়ারওয়ার্ক মর্টার) ছোড়ার ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ফ্রান্স সরকার। জননিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে আতশবাজি মর্টার বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক ঘোষণায় এই নিষেধাজ্ঞার কথা জানানো হয়।

ফরাসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আগামী ২৭ নভেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। মূলত মাধ্যমিক বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোর বাইরে অবরোধ এবং রাজপথের বিক্ষোভ চলাকালে আতশবাজি ও পাইরোটেকনিক ডিভাইসের ব্যবহারের ফলে জনশৃঙ্খলার গুরুতর অবনতি ঘটার ঝুঁকি এড়াতেই এই জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সাম্প্রতিক বিক্ষোভগুলোতে একদল আন্দোলনকারী পুলিশের লক্ষ্য করে এবং স্কুলগুলোর আশপাশে বিপজ্জনকভাবে এসব আতশবাজি মর্টার ব্যবহার করছিল।

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাস থেকে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের রাজপথ। শুরুতে স্কুল ভবনের সংস্কার, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং বিশ্ববিদ্যালয় সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেছিল। পরবর্তীতে শিক্ষার্থীদের সেই আন্দোলন জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে এক বৃহত্তর গণবিক্ষোভে রূপ নেয়। এতে বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও রাজনৈতিক কর্মীরা যোগ দিলে আন্দোলন আরও জোরদার হয় এবং অনেক জায়গায় তা সহিংস রূপ ধারণ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই এবার আতশবাজি ও মর্টারের ওপর এই সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করল প্যারিস।

তথ্যসূত্র: রয়টার্স