ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দেয়া এক ‘অশালীন ও আপত্তিকর’ মন্তব্যের জেরে দেশটি জুড়ে চরম রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। খাড়গের পদত্যাগ ও ক্ষমা প্রার্থনার দাবিতে ভারতের প্রতিটি রাজ্যের বিজেপি সদর দপ্তরে একযোগে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে দলটি।
ঘটনার সূত্রপাত গত রোববার পাটনায় আয়োজিত এক রাজনৈতিক অনুষ্ঠানে। সেখানে শ্রোতা গ্যালারি থেকে এক ব্যক্তি যখন বলেন যে ‘প্রধানমন্ত্রী মোদী কোথাও যাবেন না’, তখন তার জবাবে কংগ্রেস সভাপতি খাড়গে মন্তব্য করে বসেন, ‘মোদী কা বাপ ভি জায়েগা’ (মোদীর বাবাও যাবেন)। প্রধানমন্ত্রীর প্রয়াত পিতাকে জড়িয়ে দেয়া এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে ক্ষমতাসীন দল বিজেপি।
সোমবার দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বিহার, জম্মু, মুম্বাই, কলকাতা, রাঁচি ও বেঙ্গালুরুর মতো প্রধান শহরগুলোতে বিক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। বিহারে বিজেপির হাজার হাজার নেতা-কর্মী খাড়গের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ মিছিল করেন। বেঙ্গালুরুর ফ্রিডম পার্কেও খাড়গের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার দাবিতে বিশাল সমাবেশের আয়োজন করা হয়।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং খাড়গের এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী মোদীর প্রয়াত পিতাকে নিয়ে করা এই মন্তব্যে আমি স্তম্ভিত ও ব্যথিত। কোনো সাধারণ কর্মী নয়, বরং দেশের সবচেয়ে পুরনো দাবি করা একটি রাজনৈতিক দলের জাতীয় সভাপতির মুখ থেকে এমন মন্তব্য আসা অত্যন্ত দুঃখজনক। কংগ্রেস ভুল স্বীকার না করে এই অশালীন মন্তব্যের সাফাই গাইছে বলেও অভিযোগ তোলেন তিনি।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী প্রলহাদ জোশী কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকেও এই বিতর্কে টেনে এনে কটাক্ষ করেন। তিনি বলেন, রাহুল রাজনৈতিক অপরিণত বুদ্ধির কথা আমাদের জানা ছিল, কিন্তু এখন মনে হচ্ছে তাঁর খারাপ সঙ্গের প্রভাবে দলের প্রবীণ নেতারাও সংক্রমিত হয়েছেন! কোনো নেতার প্রয়াত পিতা-মাতাকে নিয়ে রাজনীতিতে টেনে আনা কংগ্রেসের চরম হতাশা ও নিম্নমানের সংস্কৃতির পরিচয় দেয়।
তবে বিজেপির এই সর্বাত্মক আক্রমণের কড়া জবাব দিয়েছে কংগ্রেস ও তাদের বিরোধী জোট ‘ইন্ডিয়া’। খাড়গের ছেলে ও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে পাল্টা তোপ দেগে বলেন, বিজেপি অহেতুক তিলকে তাল বানিয়ে ইস্যু তৈরি করতে পছন্দ করে। এই তথাকথিত 'সংস্কৃতিবান' মানুষেরা ভুলে গেছেন অতীতে মোদী ও অমিত শাহ বিরোধী নেতাদের নিয়ে কী ধরনের জঘন্য মন্তব্য করেছিলেন! আমাদের তাদের কাছ থেকে সৌজন্য শিখতে হবে না।
ইন্ডিয়া জোটের শরিক ও আরজেডি সাংসদ মনোজ ঝা স্পষ্ট জানান, খাড়গের মুখ থেকে এমন শব্দ আশা করা না গেলেও বিজেপির এই সিলেক্টিভ বা পক্ষপাতদুষ্ট ক্ষোভ মেনে নেওয়া যায় না। অতীতে যখন সোনিয়া গান্ধী কিংবা মল্লিকার্জুন খাড়গেকে বিজেপি নেতারা কুৎসিত ভাষায় আক্রমণ করেছিলেন, তখন মিডিয়া বা বিজেপির এমন সোচ্চার প্রতিবাদ তিনি দেখেননি বলে উল্লেখ করেন।
তথ্যসূত্র: এনডিটিভি
মানহানি মামলা থেকে খালাস পেলেন রাহুল গান্ধী
নোবেল না পেয়ে নরওয়ের ওপর চটলেন ট্রাম্প
ফ্লাভিওর পরাজয়ে চুপ করে আছেন ট্রাম্প!