লিবিয়ার বেনগাজি উপকূলের কাছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি সাতটি নৌ ড্রোন ব্যবহার করে রাশিয়ার অন্যতম অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘মার্কারি’ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করে জানান, ২০২৩ সালে নৌবাহিনীতে যুক্ত হওয়া এই যুদ্ধজাহাজটির পাশাপাশি একটি রুশ যুদ্ধ হেলিকপ্টারও ধ্বংস করা হয়েছে।
এছাড়া অস্ত্র পরিবহনে ব্যবহৃত ‘এমভি আঙ্গারা’ নামের একটি রুশ কার্গো জাহাজেও আঘাত হানা হয়েছে বলে টেলিগ্রাম বার্তায় উল্লেখ করেন তিনি।
রোববার বেনগাজি নৌঘাঁটিতে নোঙর করা রুশ যুদ্ধজাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যাতে ১০ জন রুশ ও লিবিয়ান নাগরিক সামান্য আহত হন। ভ্যান্টরের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য থামা ‘মার্কারি’ যুদ্ধজাহাজটি উল্টে পানিতে ডুবে গেছে এবং কেবল সামনের অংশ পানির ওপরে ভেসে আছে। সেদিন সন্ধ্যায় বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও ড্রোন বোটের হামলা হয় এবং লিবিয়ার নৌ ও বিমান বাহিনী ২০টির বেশি ড্রোন বোট প্রতিহত করে।
এ ঘটনার পর পূর্বাঞ্চলীয় লিবিয়ার সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ আন্তর্জাতিক তদন্তের অনুরোধ জানিয়ে পশ্চিম লিবিয়া থেকে ড্রোন বোট আসার সন্দেহ এবং দেশে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতির অভিযোগ যাচাইয়ের আহ্বান জানিয়েছেন।
অন্যদিকে, লিবিয়ায় জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএসএমআইএল) এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে এবং সতর্ক করে বলেছে, লিবিয়া কোনোভাবেই বিদেশি সংঘাতের রণক্ষেত্রে পরিণত হতে পারে না।