ইউক্রেনে বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১০:০৪ পিএম

ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেয়ার পরদিনই ইউক্রেনজুড়ে যুদ্ধের অন্যতম ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার, চালানো এই ব্যাপক আকাশপথে হামলায় ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো, রেলপথ ও পরিবহন ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত আটজন নিহত হয়েছেন। রাতভর রাজধানী কিয়েভে দফায় দফায় বিস্ফোরণের শব্দে আতঙ্কিত বাসিন্দারা প্রাণ বাঁচাতে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এই হামলায় চার শতাধিক ড্রোন এবং ১১০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, যার মধ্যে ২৭টি ছিল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। মূলত ইউক্রেনের জ্বালানি, লজিস্টিকস ও রেল অবকাঠামো লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় জেলেনস্কি বলেন, এটি ছিল যুদ্ধের অন্যতম বৃহত্তম হামলা। পুতিন অত্যন্ত প্রদর্শনীমূলকভাবে এই আক্রমণ চালিয়েছেন। সামরিক ও কূটনৈতিক ব্যর্থতা ঢাকতেই রাশিয়া সাধারণ মানুষের জীবনের ওপর এমন সন্ত্রাস চালাচ্ছে। ২০ থেকে ৩০ মিনিটের বিরতিতে ঢেউয়ের মতো একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ার এই রুশ কৌশলকে অত্যন্ত ‘নৃশংস’ বলে বর্ণনা করেন তিনি।


হামলায় রাজধানী কিয়েভের দিনিপ্রো নদীর ওপর অবস্থিত তিনটি গুরুত্বপূর্ণ সেতু—পোদিলস্কো-ভসক্রেসেনস্কি, দারনিৎস্কি এবং পিভদেন্নি সেতুতে আঘাত হেনেছে রুশ বাহিনী।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিৎসকো শহরের বাসিন্দাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে কর্মস্থলে যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। যুদ্ধের আগে কিয়েভের প্রায় ৩০ লাখ বাসিন্দার এক-তৃতীয়াংশ দিনিপ্রোর পূর্ব তীরে বসবাস করলেও অধিকাংশ সরকারি প্রতিষ্ঠান ও অফিস পশ্চিম তীরে অবস্থিত হওয়ায় এই সেতুগুলো রাজধানীর যোগাযোগের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।

ইউক্রেনের বিমান বাহিনী বলছে, তারা ৩৮০টি রুশ ড্রোন, ৭৯টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে। তবুও ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেৎস্কি জানিয়েছেন, কিয়েভে অন্তত ছয়জন নিহত হয়েছেন, যার মধ্যে একটি পানি সরবরাহ কেন্দ্রের তিন কর্মী রয়েছেন।

ওই কেন্দ্রটিতে হামলার ফলে কিয়েভের চারটি জেলায় পানির চাপ কমে গেছে এবং অনেক ভবনে সাময়িকভাবে পানি সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের স্কনিলিভ রেলস্টেশনে হামলায় দুজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র আন্দ্রি সাদোভি।

বিদ্যুৎ কোম্পানি ডিটিইকে এবং গ্রিড অপারেটর ইউক্রেনারগো জানিয়েছে, হামলার পর কিয়েভের পাঁচটি জেলার কিছু অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং লভিভ, জাকারপাতিয়া ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে জরুরি বিদ্যুৎ বিভ্রাট (ব্ল্যাকআউট) কার্যকর করা হয়েছে।

রাষ্ট্রায়ত্ত রেল সংস্থা উক্রজালিজনিৎসিয়া জানিয়েছে, দেশের বেশ কয়েকটি এলাকায় রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিনিপ্রোপেত্রোভস্কে আবাসিক ভবনে ড্রোন হামলায় পাঁচজন এবং ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি হাসপাতালে ড্রোন আঘাতে আরও চারজন আহত হয়েছেন।

চলতি বছরে সম্মুখসমরে (ফ্রন্টলাইন) স্থবিরতা দেখা দেওয়ায় উভয় পক্ষই আকাশপথে হামলা জোরদার করেছে। বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন, রাশিয়ার মূল ভূখণ্ডের ক্রাসনোদর অঞ্চলের সঙ্গে অধিকৃত ক্রিমিয়াকে যুক্তকারী সেতুতে চলতি সপ্তাহে ইউক্রেনের তৃতীয় দফা হামলার কঠোর জবাব দেবে মস্কো।


অন্যদিকে, জেলেনস্কির দাবি ইউক্রেনের সেতু ও অবকাঠামো ধ্বংসের পাল্টা জবাব হিসেবেই পুতিনের রাশিয়ার প্রতীক হিসেবে পরিচিত ওই সেতুতে আঘাত হানা হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা আরও জানিয়েছেন, তাঁরা রাশিয়ার তাতারস্তানে দ্রুজবা পাইপলাইনের একটি গুরুত্বপূর্ণ তেল পাম্পিং স্টেশন এবং তিনটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছেন।

এদিকে, রাতভর চালানো এই হামলার সময় রাশিয়ার ছোড়া তিনটি বস্তু—সম্ভবত দুটি ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন—পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন পোলিশ প্রতিরক্ষামন্ত্রী।

তিনি এই ঘটনাকে রাশিয়ার একটি ‘উসকানি’ হিসেবে নিন্দা জানিয়েছেন। অন্যদিকে, এস্তোনিয়ার একটি প্রতিরক্ষা কোম্পানিতে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে রুশ গোয়েন্দা সংস্থার হাত রয়েছে বলে অভিযোগ তুলে নিরাপত্তার কারণ দেখিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে রাশিয়ার সঙ্গে নিজেদের সব সড়ক সীমান্ত ক্রসিং বন্ধের ঘোষণা দিয়েছে এস্তোনিয়া।

উল্লেখ্য, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ সম্মেলনের পর এবং গত সপ্তাহে ইউরোপীয় দেশগুলোকে বাদ দিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনার প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলো এখন নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে এবং ভবিষ্যৎ শান্তি আলোচনায় যুক্ত হওয়ার আশা করছে।

তথ্যসূত্র: রয়টার্স

 

একাত্তর/এআরএস
বর্তমান বিশ্বরাজনীতি এক গভীর সন্ধিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে বিশ্বব্যবস্থা গড়ে উঠেছিল, তা আজ এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জের মূল...
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনের একটি ভিলায় বিশাল গোলটেবিল বৈঠকে মুখোমুখি হয়েছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের নেতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং...
বিশ্বজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে...
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যকার হাই-ভোল্টেজ বৈঠকের ঠিক আগে পূর্ব এশিয়ায় গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে নিজেদের সবচেয়ে বড় সামরিক বিমান মোতায়েন করেছে রাশিয়া। ভিয়েতনামের দানাং বিমানবন্দরে রাশিয়ার...
আহত পশুর মতো আচরণ করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে...
সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীকে দোষী সাব্যস্ত করে জাতিসংঘের সর্বোচ্চ আদালতের দেওয়া ঐতিহাসিক রায়কে ‘অন্যায্য’ বলে দাবি...
প্রথমবারের মতো মা-বাবা হলেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরু। এই তারকা দম্পতির কোলজুড়ে এসেছে পুত্রসন্তান; নাম রাখা হয়েছে দেব নিদিমোরু।
উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালেই মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। আজ শুক্রবারের ড্র নির্ধারণ করে দিয়েছে শেষ আটের এই হাইভোল্টেজ লড়াই। ফলে শিরোপার অন্যতম দুই দাবিদারের যেকোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর