ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ অভিযোগ ক্রেমলিনের

বাল্টিক সাগরে একটি রুশ পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় ইউক্রেনের বিরুদ্ধে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগ এনেছে রাশিয়া।

সোমবার ক্রেমলিনের পক্ষ থেকে এই অভিযোগ তুলে আশা প্রকাশ করা হয়েছে, বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলো তাদের প্রভাব কাজে লাগিয়ে কিয়েভকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করবে।

এর আগে গত শনিবার  ইউক্রেনের কথিত ড্রোন হামলার পর রাশিয়ার পণ্যবাহী জাহাজ ‘স্পার্টা-২’-এ আগুন ধরে যায়। অগ্নিকাণ্ডের পর নিয়ন্ত্রণ হারিয়ে জাহাজটি ভেসে ফিনল্যান্ডের জলসীমায় ঢুকে পড়ে। বর্তমানে ক্ষতিগ্রস্ত জাহাজটিকে টেনে রাশিয়ার ভূখণ্ডে ফিরিয়ে আনা হচ্ছে।

বাল্টিক সাগরের মতো ব্যস্ত সমুদ্রপথে পণ্যবাহী জাহাজে এ ধরনের হামলার ঘটনায় মস্কোর তীব্র প্রতিক্রিয়া আঞ্চলিক নৌ-নিরাপত্তা ও কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।