নৃশংসতাকে উপেক্ষা করার সময় এখন নয়, এখন নিরপেক্ষতা বা মিথ্যা সমতা বা অজুহাতের সময় নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
শুক্রবার তেল আবিবে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। খবর টাইমস অব ইসরাইল’র।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, সন্ত্রাসবাদের কখনও কোনও ন্যায্যতা নেই। বিশেষ করে হামাসের এই নৃশংসতার ক্ষেত্রে এটি আরও বেশি সত্য।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যারা দীর্ঘমেয়াদি শান্তি ও নিরাপত্তা চায় তাদের অবশ্যই হামাসের নিন্দা জানাতে হবে, তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে। ফিলিস্তিনিদের কণ্ঠস্বর নয় হামাস। ইসরাইলের পাশাপাশি ফিলিস্তিনিদের সম্মান, নিরাপত্তা, রাষ্ট্র ও শান্তির জন্য ফিলিস্তিনি জনগণের আশাবাদও তারা নয়।
তিনি আরও বলেন, হামাসের রক্তপিপাসু, ধর্মান্ধ কর্মকাণ্ড ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর ত্রাসের কথা মনে করিয়ে দেয়। উগ্রতা, ধর্মান্ধতা এবং মৃত্যু ছাড়া দেওয়ার মতো কিছু নেই হামাসের।
ইরান ও লেবাননের হিজবুল্লাহকে ইঙ্গিত করে হুমকি দিয়ে তিনি বলেছেন, কোনও দেশ বা গোষ্ঠী যদি এই নৃশংসতার ফায়দা নেওয়ার চেষ্টা করে, তাদের প্রতি আমাদের বার্তা- করবেন না।
অস্টিন বলেন, ইসরাইলের নিজেকে রক্ষায় যা প্রয়োজন তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের মতোই আমরা ইসরাইলের পাশে আছি। যুদ্ধের গতিতে ইসরাইলে মার্কিন সহযোগিতা সরবরাহ করা হবে।