আব্বাস ও নেতানিয়াহুর সঙ্গে বাইডেনের ফোনালাপ

গাজায় চলমান সংঘাত নিয়ে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

শনিবার পৃথকভাবে মধ্যপ্রাচ্যের এই দুই নেতার সাথে বাইডেনের ফোনালাপ হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস। খবর সিএনএন’র।

বাইডেন ইসরাইলের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং একই সঙ্গে বেসামরিক নাগরিকদের নিরাপত্তায় সবকিছু করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়।

গাজায় সাধারণ মানুষের জন্য কীভাবে মানবিক সহযোগিতা সরবরাহ নিশ্চিত করা যায়, তা নিয়েও জাতিসংঘ, মিসর, জর্ডান ও ইসরাইলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজের বিষয়ে দুইটি দেশের প্রধানের সঙ্গে আলোচনা হয়েছে।

মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনালাপে বাইডেন ইসরাইলে হামাসের ‘বর্বর হামলা’র নিন্দা জানান এবং মানবিক সহযোগিতা কার্যক্রম পরিচালনায় মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের পাশে থাকার আশ্বাস দেন।

সংঘাত যেন আর বিস্তৃত না হয় এবং পশ্চিম তীরে যেন স্থিতিশীলতা বজায় থাকে তা নিয়েও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফিলিস্তিনি প্রেসিডেন্টের আলাপ হয় বলে বিবৃতিতে জানা যায়।