ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি দখলদারদের গত ৪২ দিনের অভিযানে নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। এই নিহতদের মধ্যে শিশু এবং অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা অন্তত পাঁচ হাজার।
স্থানীয় সময় শুক্রবার গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। কাছাকাছি সময়ে পশ্চিম তীর অঞ্চলের ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ও পৃথক এক বিজ্ঞপ্তিতে একই তথ্য জানায়। খবর বিবিসি’র।
বিবৃতিতে বলা হয়েছে, ১২ হাজার নিহত ছাড়াও গাজায় এখনও নিখোঁজ রয়েছেন তিন হাজার ৫৭০ জন মানুষ। এই নিখোঁজদের মধ্যে শিশুদের সংখ্যা প্রায় এক হাজার ৮০০ জন।
গত ৪২ দিনের অভিযানে এখন পর্যন্ত ইসরাইল কোনো বিরতি দেয়নি। যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া, চীনসহ বিভিন্ন দেশ এবং জাতিসংঘ ইসরাইলকে নিয়মিত মানবিক বিরতি ও যুদ্ধবিরতি ঘোষণার জন্য চাপ দিলেও তা আমলে না নিয়ে ইসরাইল জানিয়েছে, হামাসকে নির্মূলের আগ পর্যন্ত এ অভিযান চলবে।
আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকদের মতে ১৯৫৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর এই প্রথম এত বড় মাত্রার সংঘাত হচ্ছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।