ফিলিস্তিনের পশ্চিম তীরে শনিবার রাতভর এমনকি রোববার সকালেও হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে ছয় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইলি সেনারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার জেনিনে দখলদার ইসরাইলি বাহিনীর গুলিতে চার ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়াও জেনিন শহরে ইসরাইলি ড্রোন হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়েছে বলে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে।
সেই সঙ্গে কাবতিয়া এলাকায় ২৫ বছর বয়সী একজন ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা এবং রামাল্লার নিকটবর্তী স্থানে আরও এক ফিলিস্তিনিকে হত্যা করা হয়।
এছাড়া দক্ষিণাঞ্চলীয় নাবলুসের ইয়াতমা গ্রামে ইসরাইলি বাহিনীর অভিযানে আরও এক ফিলিস্তিনি নিহত হয়েছে। শনিবার রাতে মোট ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। খবর আল জাজিরা’র।
শুক্রবার গাজায় যুদ্ধবিরতি শুরু হলেও পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলা বন্ধ হয়নি। হামলার পাশাপাশি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ধরপাকড়ও অব্যাহত রেখেছে ইসরাইলি পুলিশ।
ইসরাইলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলার পর থেকে পশ্চিম তীরে ৫২ শিশুসহ অন্তত ২২৯ ফিলিস্তিনি নিহত হয়েছে।