ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রীর গাজায় হামলা বাড়ানোর ঘোষণার পর বৃহস্পতিবার এ হামলা চালায় ইসরাইলি বাহিনী।
এদিকে, গাজায় ইসরাইলের চলমান সামরিক প্রতিক্রিয়াকে ‘বেপরোয়া’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম এপি এ খবর জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বাইডেন বলেন, চলমান এ যুদ্ধে বর্ধিত বিরতিতে সম্মত হওয়ার জন্য ইসরাইল ও হামাসকে চাপ দেওয়ার জন্য ‘অক্লান্তভাবে’ কাজ করে যাচ্ছেন তিনি।
বুধবার গাজায় একটি বর্ধিত যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের দেওয়া শর্তগুলো প্রত্যাখ্যান করেন নেতানিয়াহু। সেগুলোকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেন তিনি। তখন চুক্তির পরিবর্তে ‘পূর্ণ বিজয়’ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপরই রাফায় এ হামলার ঘটনা ঘটে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রয়োজনীয় সমর্থন জোগাড়ে রাজনৈতিক চাপের মধ্যে রয়েছেন বাইডেন। গাজায় ইসরাইলের আগ্রাসনকে সমর্থনের জন্য ইতোমধ্যেই অনেকের রোষানলে পড়েছেন তিনি। তাই আরব-আমেরিকান সম্প্রদায়ের মতো দেশটির অন্যান্যদের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে এখন অনেকটাই সচেতন বাইডেন।
মিসরের সীমান্তবর্তী একটি শহর রাফাহ তবে সীমান্ত বেশিরভাগটাই সিল করা। সেখানেই গাজা উপত্যকার অর্ধেকেরও বেশি বাসিন্দা পালিয়ে গেছেন। গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর প্রধান প্রবেশদ্বারও এটি। মিসর সতর্ক করে বলেছে, সেখানে যেকোনো ধরনের স্থল অভিযান বা সীমান্ত জুড়ে ব্যাপক বাস্তুচ্যুতি ইসরাইলের সঙ্গে দেশটির ৪০ বছর পুরোনো শান্তিচুক্তিকে ক্ষতিগ্রস্ত করবে।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামাসের হামলায় অন্তত এক হাজার ২০০ জন ইসরাইলি নিহত হন। তখন আনুমানিক ২৫০ জন ইসরাইলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় হামাসের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী।
ইসরাইলি সেনাদের পাল্টা হামলায় অঞ্চলটিতে এখন পর্যন্ত ২৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং তাদের দুই-তৃতীয়াংশই নারী ও শিশু বলে জানিয়েছেন গাজার স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা।