ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইলি নিরাপত্তা বাহিনী (আইডিএফ) । গাজায় আকাশ, স্থল ও সমুদ্রপথে একযোগে হামলা চালাচ্ছে আইডিএফ। এতে অন্তত ১০৭ জন নিহত হয়েছেন।
শনিবার অধিকৃত অঞ্চলে বিশেষ করে কেন্দ্রীয় গাজার নুসেইরাত, দেইর আল-বালাহ এবং আল-জাওয়াদেতে কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হামলায় বহু হতাহত হয়েছে। তাদের আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, কয়েক ডজন হতাহত ফ্লোরে শুয়ে আছে এবং মেডিক্যাল কর্মীরা তাদের বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। তবে জ্বালানি, ওষুধ এবং খাবারের স্বল্পতায় মেডিক্যাল পরিষেবা অনেকটা বন্ধ হয়ে আছে।
এক সংবাদ সম্মেলনে আল-আকসা শহীদ হাসপাতালের মুখপাত্র বলেন, এখন পর্যন্ত হামলায় নিহত ৫৫ জনের লাশ এবং কয়েক ডজন আহতকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে রাস্তায় এখনো অনেক লাশ ও আহতরা পড়ে আছে।
এছাড়া তীব্র বোমা হামলার কারণে যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতালের টেলিফোনে প্রচুর কল আসছে।
গাজা থেকে আল জাজিরার একজন সাংবাদিক জানিয়েছেন, পরিস্থিতি ভয়াবহ। প্রতি মিনিটে বিস্ফোরণ হচ্ছে। হাসপাতালের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে, এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইডিএফ বলেছে, তাদের বাহিনী নুসেইরাত এলাকায় সন্ত্রাসী স্থাপনায় হামলা চালাচ্ছে। এ অভিযানে তারা চারজন জিম্মিকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে বলেও জানায়।