নিজের অস্তিত্ব নিয়ে সাবধান হোন, ট্রাম্পকে ইরানের পাল্টা হুঁশিয়ারি

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন গোলা-বারুদের গন্ধ ছাপিয়ে ড্রোন আর মিসাইলের গর্জন বাড়ছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘দেশ ধ্বংসের’ হুমকির জবাবে এক বিধ্বংসী পাল্টা বার্তা দিলেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি সরাসরি ট্রাম্পকে তার নিজের ‘অস্তিত্ব’ বিলীন হয়ে যাওয়া নিয়ে সতর্ক করেছেন।


সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে লিখেছিলেন, ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ বন্ধ করার চেষ্টা করে, তবে তাদের ওপর বর্তমানের চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালানো হবে। মৃত্যু, আগুন আর ধ্বংসের বৃষ্টি নামবে তাদের ওপর। আমরা এমন সব লক্ষ্যবস্তু ধ্বংস করব যে ইরান রাষ্ট্র হিসেবে আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না।

ট্রাম্পের এই ‘ফাঁপা’ হুমকির জবাবে লারিজানি বলেন, আশুরার শিক্ষায় উজ্জীবিত সাহসী ইরানি জাতি কোনো ধমক বা হুমকিতে ভয় পায় না। ট্রাম্পকে সরাসরি আক্রমণ করে তিনি বলেন, আপনার চেয়েও বড় বড় শক্তিশালী শাসকরা ইরানি জাতিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। অন্যকে শেষ করার হুমকি দেওয়ার আগে খেয়াল রাখবেন, আপনি নিজেই যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন না হয়ে যান!


লারিজানি ট্রাম্পের হুমকিকে ‘ভিত্তিহীন’ হিসেবে আখ্যা দিয়ে জানান, ইরানের তেজ যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের পর থেকে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হয়। বিগত দশ দিনে ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালানো হয়েছে, যাতে ক্ষয়ক্ষতি এবং মানুষের প্রাণহানির পরিমাণ ব্যাপক। এমনকি মার্কিন হামলা থেকে রক্ষা পায়নি মেয়েদের স্কুলও।

এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও অধিকৃত ভূখণ্ডে ইসরাইলি অবস্থানগুলো লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঢেউ ছুড়ে মারছে।


লারিজানির এই তপ্ত মন্তব্য বলছে, সামরিক চাপে তেহরান পিছু হঠার পরিবর্তে সরাসরি হোয়াইট হাউসের প্রধানকে ব্যক্তিগতভাবে লক্ষ্যবস্তু করার প্রচ্ছন্ন ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্পের ‘অগ্নিবৃষ্টি’ আর লারিজানির ‘নিজের অস্তিত্ব রক্ষার’ হুঁশিয়ারি, সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন ভয়াবহ ও নির্ণায়ক মোড়ের দিকে যাচ্ছে।

তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি ও মেহর নিউজ এজেন্সি