বিশ্বচ্যাম্পিয়ন তকমাটা গায়ে লেগে থাকলেও মাঠের পারফরম্যান্সে তার ছিটেফোঁটাও দেখা যায়নি। ফিফা র্যাঙ্কিংয়ের ১১৫ নম্বর দল মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ ব্যবধানের ঘাম ঝরানো জয় পেয়েছে আর্জেন্টিনা, কিন্তু এই জয় যেন আনন্দের চেয়ে বিষাদই বেশি নিয়ে এসেছে আলবিসেলেস্তে শিবিরে।
বিশেষ করে দলের অতন্দ্র প্রহরী এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ সতীর্থদের ওপর যে হারে চটেছেন, তাতে ড্রেসিংরুমের আবহাওয়া এখন বেশ উত্তপ্ত।
ঘরের মাঠ লা বোম্বোনেরায় মৌরিতানিয়ার মতো পুঁচকে দলের বিপক্ষে আর্জেন্টিনা যেভাবে ধুঁকেছে, তা ছিল অভাবনীয়। প্রথমার্ধে এঞ্জো ফার্নান্দেজ এবং নিকো পাজের গোলে আর্জেন্টিনা এগিয়ে গেলেও সময়ের সাথে সাথে তাদের খেলার ধার কমতে থাকে।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে (৯৪ মিনিটে) মৌরিতানিয়ার জর্ডান লেফোর্ট যখন আর্জেন্টিনার জালে বল জড়ান, তখন দিবু মার্তিনেজের চেহারায় ফুটে ওঠে চরম বিরক্তি। বিশ্বজয়ীদের রক্ষণভাগের এমন নড়বড়ে দশা দেখে গ্যালারিতে উপস্থিত ভক্তরাও কিছুটা থমকে গিয়েছিলেন।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সামনে এসে নিজের স্বভাবসুলভ চাঁছাছোলা ভাষায় সতীর্থদের আক্রমণ করেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। তিনি জানিয়ে দেন, এমন ছন্নছাড়া ফুটবল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ক্ষুব্ধ মার্তিনেজ বলেন, খুবই জঘন্য পারফরম্যান্স! প্রীতি ম্যাচ হলেও এটি আমাদের খেলা অন্যতম বাজে ম্যাচ। আমাদের খেলায় কোনো তাগিদ ছিল না। ভাগ্য ভালো যে আজ আমাদের 'ফিনালিসিমা' খেলতে হয়নি, নাহলে কপালে দুঃখ ছিল।
তিনি আরও যোগ করেন, আমাদের খেলার গতি ছিল না, কোনো সৃজনশীলতা ছিল না। রক্ষণে সংহতি এবং জেদ- দুটোরই বড্ড অভাব ছিল। আমাদের আরও হৃদয় দিয়ে খেলতে হবে।
তবে দলের এই ছন্নছাড়া অবস্থায় কিছুটা আশার বাণী শুনিয়েছেন সাবেক ডিফেন্ডার পাবলো জাবালেতা। তাঁর মতে, ২০২৬ বিশ্বকাপে শিরোপা ধরে রাখার সামর্থ্য আর্জেন্টিনার এখনো আছে। জাবালেতা বিশ্বাস করেন, বয়স বাড়লেও লিওনেল মেসির উপস্থিতিই প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট।
তিনি বলেন, মেসি এখনো জাদুকরী মুহূর্ত তৈরি করতে সক্ষম। ডিবক্সের আশপাশে ওকে দেখলে এখনো প্রতিপক্ষ কাঁপে। ওর ড্রিবলিং, ভিশন আর ফ্রি-কিক নেওয়ার ক্ষমতা অতুলনীয়।
জাবালেতা আরও সতর্ক করেছেন, পর্তুগাল এবং টমাস টুখেলের অধীনে থাকা ইংল্যান্ডও শিরোপার বড় দাবিদার। তবে, দিনশেষে তিনি চান ট্রফিটা যেন আর্জেন্টিনার হাতেই থাকে।
এখন দেখার বিষয়, এমি মার্তিনেজের এই কড়া হুঁশিয়ারির পর আগামী মঙ্গলবার জাম্বিয়ার বিপক্ষে ম্যাচে স্কালোনির শিষ্যরা কতটা ‘হৃদয়’ দিয়ে খেলতে পারে।
তথ্যসূত্র: গোল ডটকম