ইয়েমেনের হুঙ্কারেই পালাতে বাধ্য হয় মার্কিন রণতরী!

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কুদস ফোর্সের কমান্ডার ইয়েমেনের ইসলামিক রেজিস্ট্যান্সের প্রতি সংহতি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ‘অপরাধী’ আমেরিকা এবং ‘শিশু-হত্যাকারী’ ইসরাইলি শাসনের মোকাবিলায় এবং ইসলামি মূল্যবোধ ও গাজার নিপীড়িত মানুষের রক্ষায় ইয়েমেনের বীরত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। খবর প্রেস টিভি।

সোমবার প্রকাশিত এক বার্তায় ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেন, ইয়েমেনের সময়োপযোগী এবং কৌশলগত পদক্ষেপগুলো পশ্চিম এশিয়া অঞ্চল জুড়ে শক্তিশালী 'ইসলামিক রেজিস্ট্যান্স ফ্রন্ট'কে আবারও শক্তিশালী করেছে এবং মার্কিন বিমানবাহী রণতরী 'জেরাল্ড ফোর্ড'কে অপমানজনক পশ্চাদপসরণে বাধ্য করেছে।


কুদস ফোর্সের কমান্ডার বলেন, আল্লাহর রহমতে, অপরাধী আমেরিকা ও শিশু-হত্যাকারী জায়নবাদী শাসনের মোকাবিলায় এবং জাতি ও ইসলামি মূল্যবোধের রক্ষায় অঞ্চলে শক্তিশালী ইসলামিক রেজিস্ট্যান্স ফ্রন্টের মহাকাব্যিক যাত্রার ধারাবাহিকতায় বীর ইয়েমেনের পক্ষ থেকে আবারও এক নতুন বিজয় অর্জিত হয়েছে।

জেনারেল কায়ানি অত্যন্ত সুসজ্জিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ডের অপমানজনক প্রত্যাহারের পেছনে সরাসরি ইয়েমেনি প্রতিরোধের প্রতিবন্ধক শক্তিকে কৃতিত্ব দেন।

তিনি উল্লেখ করেন, যারা যুক্তরাষ্ট্রের সুসজ্জিত বিমানবাহী রণতরী জেরাল্ড ফোর্ডের ভাগ্য সম্পর্কে জানতে চান, যা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে ইয়ানবু ও জেদ্দার মধ্যবর্তী সীমানায় দ্বিধাগ্রস্ত অবস্থায় ঘুরপাক খাচ্ছিল এবং অবশেষে নানা গল্পের অজুহাতে ফিরে যেতে বাধ্য হয়েছে, তাদের উদ্দেশে বলছি, এই লক্ষ্যহীন ঘুরে বেড়ানো এবং পিছু হটার রহস্য ইয়েমেনের আকাশচুম্বী পর্বতমালা এবং ধন্য ভূমিতেই খুঁজতে হবে।

আইআরজিসির এই জ্যেষ্ঠ কমান্ডার ইয়েমেনের বীর জনগণের বিজ্ঞ নেতৃত্ব, সাহসী কমান্ডার এবং একনিষ্ঠ যোদ্ধাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ইসলামি বিশ্বের সমস্ত শত্রুর বিরুদ্ধে তাদের কৌশলগত দূরদর্শিতা এবং অবিচল অঙ্গীকারের প্রশংসা করে তিনি বলেন, আমি ইয়েমেনের বীর জনগণের বিজ্ঞ নেতৃত্ব, সাহসী কমান্ডার এবং একনিষ্ঠ যোদ্ধাদের ধন্যবাদ জানাই। এই জ্যোতির্ময় ভূমির ধর্মীয় নেতাদের কৌশলগত চিন্তাভাবনার সৌন্দর্যের জন্য এবং ইসলামি বিশ্বের সকল শত্রুর বিরুদ্ধে তাদের সময়োপযোগী পদক্ষেপের আমি প্রশংসা করি।


তিনি গুরুত্বারোপ করেন যে, ইসলামি উম্মাহর প্রতি, বিশেষ করে গাজার নিপীড়িত মানুষের প্রতি ইয়েমেনের এই সর্বাত্মক সমর্থন আঞ্চলিক পরিস্থিতির গভীর উপলব্ধিকে প্রতিফলিত করে এবং এটি শত্রুদের আরোপিত নিপীড়নমূলক অবরোধ থেকে ইয়েমেনের পূর্ণ মুক্তির পথ প্রশস্ত করছে।

বার্তার শেষে ইরানের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জেনারেল কায়ানি বলেন, প্রতিরোধের সকল ফ্রন্টের পাশে অটলভাবে দাঁড়িয়ে থাকা ইসলামিক প্রজাতন্ত্রের একটি ঐশ্বরিক দায়িত্ব। তিনি বলেন, “ইসলামিক প্রজাতন্ত্র তার মহান লক্ষ্যগুলো অর্জনের জন্য, যার মধ্যে সমগ্র অঞ্চল থেকে যুদ্ধের ছায়া দূর করা অন্তর্ভুক্ত, দৃঢ়ভাবে লড়াই চালিয়ে যাবে এবং প্রতিরোধের সকল ফ্রন্টে তার বন্ধু ও যোদ্ধাদের আন্তরিকভাবে সমর্থন ও সহযোগিতা প্রদান করবে।

জেনারেল কায়ানি ইরান এবং ইয়েমেনি ইসলামিক রেজিস্ট্যান্সের মধ্যে অটুট বন্ধনের ওপর জোর দিয়েছেন। এই অংশীদারিত্ব বর্তমানে শক্তির ভারসাম্যকে মার্কিন-জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে এবং 'অক্ষশক্তি'র অনুকূলে পুনর্গঠিত করছে।