মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলসীমা হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর দুটি শক্তিশালী যুদ্ধজাহাজ লক্ষ্য করে ভয়াবহ ও বিরামহীন হামলা চালিয়েছে ইরান। সোমবার মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার 'ইউএসএস ট্রক্সটান' এবং 'ইউএসএস মেসন' যখন প্রণালীটি অতিক্রম করছিল, তখন সেগুলোকে লক্ষ্য করে একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ছোট নৌযানের বহর নিয়ে হামলা শুরু করে ইরান।
বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই ঘটনাকে একটি ‘সুপরিকল্পিত ও দীর্ঘস্থায়ী ব্যারেজ’ বা বিরামহীন আক্রমণ হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে, ইরানের এই ব্যাপক আক্রমণ সত্ত্বেও মার্কিন ডেস্ট্রয়ার দুটির কোনো ক্ষতি হয়নি। মার্কিন বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিটি হুমকি সফলভাবে মোকাবিলা ও ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এই কঠিন পরিস্থিতিতে ডেস্ট্রয়ার দুটিকে সহায়তার জন্য দ্রুত এগিয়ে আসে মার্কিন যুদ্ধবিমান এবং এএইচ-৬৪ অ্যাপাচি হেলিকপ্টার। আকাশপথ ও সমুদ্রপথের এই সমন্বিত প্রতিরোধের কারণে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে তাদের বাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কমান্ড জানায়, 'প্রজেক্ট ফ্রিডম' নামের একটি অভিযানের আওতায় বর্তমানে ১০০টিরও বেশি স্থল ও সমুদ্রভিত্তিক বিমান কাজ করছে।
সেন্ট্রাল কমান্ড আরও জোর দিয়ে বলেছে, এই উন্নত যুদ্ধবিমানগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। হরমোজ প্রণালীতে ইরানের এই সর্বশেষ পদক্ষেপ ওই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
তথ্যসূত্র: ফক্স নিউজ