তেহরানে জরুরি সফরে যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আমেরিকা-ইরান সংঘাত ঘিরে বাড়তে থাকা চরম উত্তেজনার মধ্যেই এবার জরুরি কূটনৈতিক মিশনে তেহরান যাচ্ছেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি।

মঙ্গলবার তিনি ইরানের রাজধানী তেহরানে পৌঁছে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বৈঠকে বসবেন। সোমবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার মাধ্যমে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

Iran War 04
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকায়ি জানিয়েছেন, তেহরান সফরকালে ওমানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর ইরানি সমকক্ষ আব্বাস আরাঘচির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বৈঠকে বসবেন। হরমুজ প্রণালীর দুই তীরবর্তী প্রতিবেশী দেশ হিসেবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত রাজনৈতিক আলোচনার অংশ হিসেবেই ওমানি মন্ত্রীর এই সফর।

ইসমাইল বাঘাই বলেন, ইরান ও ওমানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি এবং হরমুজ প্রণালীর উপকূলীয় রাষ্ট্র হিসেবে দুই দেশের মধ্যে ধারাবাহিক রাজনৈতিক পরামর্শ বজায় রাখার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা জোরদার করতেই আমাদের এই যৌথ প্রচেষ্টা।

Iran War 02
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ 'হরমুজ প্রণালী' নিয়ে যখন আমেরিকা ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হুঙ্কার এবং জাহাজে হামলার ঘটনা ঘটছে, তখন ওমানের মতো নিরপেক্ষ প্রতিবেশীর এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ওমান দীর্ঘকাল ধরেই ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে এক বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছে।

সম্প্রতি হরমুজ প্রণালীতে ইরানের কঠোর বিধিনিষেধ এবং নতুন মার্কিন নিষেধাজ্ঞার হুমকির কারণে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা প্রশমিত করতে এই বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।