১১ দিনে ইরানে ঘরে এলো এক বিলিয়ন ডলারের বেশি!

যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি তহবিলে ১ বিলিয়ন (১০০ কোটি) মার্কিন ডলারের বেশি তেল রাজস্ব জমা হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স নিউজ’ একাধিক অভ্যন্তরীণ নথি পর্যালোচনা করে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, এই সময়ের মধ্যে অর্জিত বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সরাসরি দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভে যুক্ত করা হয়েছে। এর ফলে দেশের জরুরি আমদানিসহ সামগ্রিক বৈদেশিক মুদ্রার ঘাটতি মেটাতে এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

চলতি ২০২৬-২৭ অর্থ বছরের (যা ২১ মার্চ ২০২৬ থেকে শুরু হয়েছে) প্রথম পাঁচ মাসেই ইরান তাদের বাজেটে ধার্যকৃত পুরো বছরের মোট লক্ষ্যমাত্রার ৮০ শতাংশের বেশি তেল রাজস্ব অর্জন করে ফেলেছে। দীর্ঘদিনের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মার্কিন নৌশোলাই সত্ত্বেও বিশ্ববাজারে তেলের চাহিদা এবং বিকল্প রুট ব্যবহারের মাধ্যমে তেহরান তাদের জ্বালানি রপ্তানি বাণিজ্য অক্ষুণ্ণ রাখতে সক্ষম হচ্ছে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা।

তথ্যসূত্র: আল জাজিরা