ফ্রান্সকে রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিলেন আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বারোর সাম্প্রতিক সমালোচনার কঠোর জবাব দিয়ে ফরাসি ঔপনিবেশিক ইতিহাসের রক্তাক্ত অতীত স্মরণ করিয়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আরাগচি ফরাসি মন্ত্রীর মন্তব্যকে দ্বিমুখী নীতি হিসেবে আখ্যায়িত করেন এবং আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ফরাসি বাহিনীর হাতে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির তথ্য উল্লেখ করেন।

একই সঙ্গে সাম্প্রতিক মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের সময় ইরানি কোমলমতি শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের বিষয়ে নীরব ভূমিকা পালন করায় ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করেন তিনি।

আরাগচি তার বার্তায় উল্লেখ করেন, আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধে ফ্রান্স প্রায় ১৫ লাখ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। যার দশভাগের একভাগ নামও প্যারিস আনুষ্ঠানিকভাবে নথিবদ্ধ করেনি এবং নিজেদের ঔপনিবেশিক অপরাধের জন্য কোনো ধরনের ক্ষমা চাইতেও অস্বীকার করে আসছে।

ফরাসি মন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, এসব মায়াকান্না বন্ধ করা উচিত, কারণ যুক্তরাষ্ট্রে যখন ইরানের শিক্ষার্থীদের হত্যা করেছিল তখন তাদের নীরবতাই প্রকৃত সত্য প্রকাশ করে দিয়েছিল।

১৮৩০ সালে ফ্রান্স আলজেরিয়া আক্রমণ করে এবং ১৯৬২ সালে স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এটি ফরাসি উপনিবেশ হিসেবে শাসিত হয়। ১৯৫৪ থেকে ১৯৬২ সাল পর্যন্ত পরিচালিত আট বছরের এই রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে ব্যাপক সংঘাত, বাস্তুচ্যুতি এবং ফরাসি বাহিনীর চরম নির্যাতন নথিভুক্ত রয়েছে।

আলজেরীয় ইতিহাসবিদ এবং দেশটির জাতীয় মুক্তি ফ্রন্টের মতে নিহতের সংখ্যা প্রায় ১৫ লাখ হলেও, এই যুদ্ধে ২০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছিলেন।

তথ্যসূত্র: তাসনিম নিউজ