রিয়াদ বিমানবন্দরে আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী

সৌদি আরবের রাজধানী রিয়াদের প্রধান বিমানবন্দরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনার পর শনিবার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ঘটনাটি ঘটলো।

বার্তা সংস্থা রয়টার্সের ধারণকৃত ভিডিও এবং ছবিতে দেখা যায়, বিমানবন্দরের হাইওয়ে, প্রধান টার্মিনাল ভবন এবং অন্যান্য স্থাপনার পটভূমিতে কাল ধোঁয়ার একটি বিশাল স্তম্ভ ওপরের দিকে উঠে যাচ্ছে। ভিডিওর একপর্যায়ে তেল বা জ্বালানির ট্যাংকের মতো দেখতে একটি স্থাপনার পেছন থেকে দাউদাউ করে শিখা জ্বলতেও লক্ষ্য করা গেছে।

Riyadh airport fire 01
এই ধোঁয়া এবং রাতভর জারি করা জরুরি সতর্কবার্তার বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে সৌদি সরকারের গণমাধ্যম দপ্তরে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে সৌদি সিভিল ডিফেন্স থেকে মুঠোফোনের মাধ্যমে রাজধানী রিয়াদ এবং এর পূর্বাঞ্চলের আল-খার্জ শহরে সম্ভাব্য বিমান হামলার বিষয়ে নাগরিকদের সতর্ক বার্তা পাঠানো হয়েছিল।

পরবর্তীতে শনিবার সকালে অবশ্য এই সতর্কবার্তাই আবার তুলে নেওয়া হয়। রিয়াদের ওলাইয়া এলাকায় অবস্থানরত রয়টার্সের এক সাংবাদিক বিপজ্জনক পরিস্থিতির চূড়ান্ত সতর্কবার্তা প্রত্যাহারের আগেই কয়েকটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। এ বছর যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শুরুর পর রিয়াদে কিছু সতর্কবার্তা জারি করা হলেও, গত জুলাই মাসে হুতিদের সাথে উত্তেজনা নতুন করে বৃদ্ধির পর এটিই প্রথম বড় ধরনের ঘটনা।

ইয়েমেনের বেশিরভাগ জনবহুল এলাকা এবং উত্তরাঞ্চল নিয়ন্ত্রণকারী ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা জুলাইয়ে রিয়াদের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণার পর থেকে সৌদি আরবে ধারাবাহিকভাবে হামলা চালিয়ে আসছে। লোহিত সাগরে সৌদি জাহাজে আক্রমণের পাশাপাশি তারা সৌদি শহর, জ্বালানি অবকাঠামো ও বাণিজ্যিক নৌযানকে লক্ষ্যবস্তু করছে।

Riyadh airport fire 03
হরমুজ প্রণালি বন্ধ থাকার পর বিকল্প পথ হিসেবে ব্যবহৃত লোহিত সাগরের নৌপথটিও এখন হুমকির মুখে পড়েছে, যা বিশ্বব্যাপী জ্বালানি তেল সরবরাহে চরম সংকট তৈরি করছে। হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছেন যে, সানায় তাদের বিরুদ্ধে সৌদি আরবের পরিচালিত কিছু অপরাধমূলক প্রচেষ্টা তারা নস্যাৎ করেছেন এবং এর কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। হুতিদের দাবি, সম্প্রতি তাদের ওপর সৌদি বিমানবাহিনী শত শত বার বিমান হামলা চালিয়েছে।

এদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ শুক্রবার এক বিবৃতিতে সৌদি আরবের নাগরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হুতিদের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছে, যার ফলে নারী ও শিশুসহ বহু সাধারণ মানুষ আহত হয়েছেন। একই সাথে বিবৃতিতে ইয়েমেনের অভ্যন্তরে হুতিদের সামরিক উত্তেজনা বৃদ্ধির ঘটনাতেও গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করা হয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স