আমেরিকার দিন শেষ, নতুন চমক নিয়ে প্রস্তুত ইরান!

ইরানি জাতির সুদৃঢ় প্রতিরোধের মুখে যুক্তরাষ্ট্র পুরোপুরি হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার পার্লামেন্টের এক অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্ট জানান, ওয়াশিংটন মিডিয়ায় এক কথা বললেও মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের কাছে নানামুখী প্রস্তাব পাঠাচ্ছ। তবে, সময়ক্ষেপণ এবং একতরফা শর্ত চাপিয়ে দেয়ার দিন যে বহু আগেই শেষ হয়ে গেছে, তা যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় মনে করিয়ে দিয়েছেন তিনি।

স্পিকার সোজা জানিয়ে দেন, ইসলামাবাদ সমঝোতা স্মারকের অধীনে ইরানের তোলা সাতটি শর্তের সবকটি পূরণ না হওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ রণকৌশলগত সমুদ্রপথ ‘হরমুজ প্রণালী’ পুরোপুরি অবরুদ্ধ ও বন্ধ থাকবে।

ইরানের জাতীয় নীতি ও সিদ্ধান্তকে বিভ্রান্ত করতে যুক্তরাষ্ট্র এক জটিল মনস্তাত্ত্বিক যুদ্ধ চালাচ্ছে বলে অভিযোগ করেন স্পিকার গালিবাফ। তিনি বলেন, শত্রুভাবাপন্ন শক্তিগুলো একদিন আলোচনার কথা বলে, পরের দিন আবার ধ্বংসের হুমকি দেয়, এবং এরপরই আবার মধ্যস্থতার নাটক সাজায়। কিন্তু মার্কিন কর্মকর্তাদের দৈনন্দিন টুইট বা মিডিয়া সাক্ষাৎকারের ওপর নির্ভর করে ইরান কখনোই তার জাতীয় নিরাপত্তা নীতি নির্ধারণ করে না। ফাঁকা বুলি বা মিডিয়ার তৈরি কৃত্রিম বিভাজনে পা না দিয়ে, শত্রুপক্ষের বাস্তব পদক্ষেপ ও আচরণের ভিত্তিতেই তেহরান কঠোর জবাব দেবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনায় ইরান এখন সামরিক শক্তি ও জাতীয় ঐক্যের চূড়ান্ত শিখরে রয়েছে বলে উল্লেখ করেন কালিবাফ। তিনি স্পষ্ট করে বলেন, যে যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত রাখে, আলোচনার টেবিলে শেষ পর্যন্ত জয় তার হাতেই আসে। ইরান আবেগপ্রবণ কিংবা ভিতু না হয়ে একই সাথে লড়াই ও কূটনীতির মাঠে প্রস্তুত রয়েছে। যুদ্ধক্ষেত্রে নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখার পাশাপাশি শত্রুপক্ষকে প্রতিনিয়ত নতুন নতুন বিস্ময়ের মুখোমুখি করতে ইরান ও পুরো প্রতিরোধ ফ্রন্ট বিন্দুমাত্র দ্বিধা করবে না বলে স্পিকার তাঁর বক্তব্যে পুনর্ব্যক্ত করেন।

তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি