ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
সোমবার এক জরুরি বার্তায় তিনি স্পষ্ট করেন, নতুন করে আগ্রাসন চালানো হলে তার জবাব দিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। মূলত ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে, এমন পুরোনো ও ভিত্তিহীন অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র ও ইসরাইলি নেতৃত্ব আরেকটি যুদ্ধ চাপিয়ে দেওয়ার পাঁয়তারা করছে বলে বিভিন্ন রিপোর্টের বরাতে জানান তিনি।
মেজর জেনারেল আব্দুল্লাহি জোর দিয়ে বলেন, ইরানি জাতি কোনো চাপ বা আগ্রাসনের কাছে মাথা নত করবে না। ইহুদিবাদী ইসরায়েলকে তাদের আগের ভুলের পরিণতি স্মরণ করিয়ে দিয়ে তিনি সতর্ক করেন যে, কোনো নতুন দু সাহসিকতা দেখালে তার জবাবে এবার আরও শক্তিশালী হামলা চালানো হবে।
তিনি বলেন, পরাক্রমশালী ইরানের মুখোমুখি হওয়ার ক্ষমতা ইসরাইলের কখনো ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও কড়া সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে বা পরে তারা নিজেরা কিংবা ইসরাইলি উস্কানিতে যদি ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়, তবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে কোনো সীমাবদ্ধতা ছাড়াই তাৎক্ষণিক ও অত্যন্ত বেদনায়ক আঘাত হানবে ইরানি সশস্ত্র বাহিনী।
মধ্যপ্রাচ্যে যেসব দেশ মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে আশ্রয় দিয়েছে, তাদের সতর্ক করে এই শীর্ষ জেনারেল বলেন, এই অঞ্চলে মার্কিন সৈন্যদের উপস্থিতিই নিরাপত্তাহীনতা ও অর্থনৈতিক সমস্যার প্রধান মূল। নতুন যুদ্ধে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিলে তার মাশুল সবাইকে গুনতে হবে উল্লেখ করে তিনি বলেন, “নতুন যুদ্ধ শুরু হলে সেই আগুনে সবাই ঝলসে যাবে।
অন্যদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি সামরিক রূপ নিয়েছে বলে ইসরায়েলের তোলা দাবিকে মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন তিনি। উল্টো শত শত পারমাণবিক বোমার মালিক ইসরায়েলের কাছ থেকে এ ধরনের কথা গ্রহণযোগ্য নয় বলে তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (IAEA) ভিত্তিহীন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান। সবশেষে, ঈশ্বর ও নিজেদের সামরিক শক্তির ওপর আস্থা রেখে তিনি ঘোষণা করেন, ইরান আগের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি শক্তিশালী!
তথ্যসূত্র: তাসনিম নিউজ এজেন্সি