রিয়াদে বিমান হামলার সতর্কবার্তার পরপরই বিকট শব্দ

সৌদি আরবের রাজধানী রিয়াদজুড়ে পরপর তিনটি বিকট বিস্ফোরণের শব্দে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। ‘শত্রুভাবাপন্ন বিমান হামলার আশঙ্কার’ বার্তা পেয়ে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার সতর্কতা জারি করার পরপরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পেছনে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীর হাত রয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি সামরিক জোট জানিয়েছে, রিয়াদকে লক্ষ্য করে হুতি মিলিশিয়াদের ছোঁড়া একটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে আকাশে ধ্বংস করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, বিস্ফোরণের আগে রিয়াদ অঞ্চলে হুতিদের একটি ড্রোনও আকাশে শনাক্ত ও ধ্বংস করা হয়। এ ছাড়া ইয়েমেনের সীমান্তবর্তী খামিস মুশাইত শহরকে লক্ষ্য করে ছোঁড়া একটি ক্রুজ মিসাইলও ধ্বংস করেছে যৌথ বাহিনী।

বিস্ফোরণ ও সতর্কবার্তার পরপরই সার্বিক নিরাপত্তা বিবেচনায় রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে কর্তৃপক্ষ যাত্রীদের জন্য একটি ভ্রমণ নির্দেশিকা জারি করে জানায়, রোববার থেকেই টার্মিনাল ১ এবং ২ থেকে স্বাভাবিক ফ্লাইট পরিচালনা শুরু করা হবে।

ইরানকে কেন্দ্র করে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেই সৌদিতে এই হামলার ঘটনা ঘটল। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানা গেছে, ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের উন্নত ধরনের হামলা চালানোর চক্রান্ত, সেনাবহর পুনর্গঠন এবং নৌ-প্রস্তুতির খবর আসায় আবারও পুরো অঞ্চলে বড় সংঘাতের শঙ্কা তীব্র হয়ে উঠেছে।

তথ্যসূত্রধ গালফ নিউজ