বুথফেরত জরিপে সমানে-সমান নেতানিয়াহু-আইজেনকোট

২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলা এবং গাজা, লেবানন ও ইরানে চলা বিধ্বংসী যুদ্ধের পর অনুষ্ঠিত ইসরাইলের ঐতিহাসিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনে কোনো পক্ষই স্পষ্ট একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বলে বুথফেরত সমীক্ষায় আভাস পাওয়া গেছে।

দীর্ঘ ১৯ বছর ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট এবং সাবেক সেনাপ্রধান গ্যাডি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ‘পরিবর্তন জোট’- উভয়েরই ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) প্রয়োজনীয় ৬১টি আসনের বহুদূরে আটকে থাকার সম্ভাবনা দেখা দিয়েছে।

ইসরাইলের প্রধান প্রধান টিভি চ্যানেলের বুথফেরত সমীক্ষায় এই চরম লড়াইয়ের ছবি ফুটে উঠেছে। জনসেবা সম্প্রচারমাধ্যম কান এবং চ্যানেল ১৩-এর সংশোধিত জরিপে দুই পক্ষকেই ৫১টি করে আসনে সমতায় দেখানো হয়েছে। অন্যদিকে, চ্যানেল ১২-এর জরিপে নেতানিয়াহুর ডানপন্থি জোটকে ৫২টি এবং আইজেনকোটের জোটকে ৪৯টি আসন দেওয়া হয়েছে।

দুই মূল প্রতিদ্বন্দ্বী জোটই সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে থাকায় সরকার গঠনের চাবিকাঠি এখন চলে গেছে দেশের আরব সংখ্যালঘুদের রাজনৈতিক জোটের হাতে। মোট জনসংখ্যার প্রায় পাঁচ ভাগের এক ভাগ গঠন করা আরব-ইসরায়েলিদের ব্যাপক উপস্থিতির কারণে দুই প্রধান আরব দল- ইউনাইটেড আরব লিস্ট (ইউএএল) এবং জয়েন্ট লিস্ট- ১৮ থেকে ১৯টি আসনে জয়ী হতে পারে বলে আভাস পাওয়া গেছে।

Israel Election 02
ইউনাইটেড আরব লিস্টের নেতা মানসুর আব্বাস আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বিরোধী জোট ও তাঁদের দল মিলে ৬১টি আসনের সমীকরণ মেলাতে সক্ষম হবেন। কিন্তু বিরোধী জোটের প্রধান দুই অংশীদার ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদের জোটসঙ্গী অ্যাভিগডোর লিবারম্যানের মতো কট্টরপন্থিরা আরব দলগুলোর সমর্থনের সরাসরি বিরোধিতা করায় কোয়ালিশন গঠন অত্যন্ত জটিল রূপ নিয়েছে।

রেকর্ড ভোটগ্রহণ ও দুই শিবিরের প্রতিক্রিয়া: মঙ্গলবারের নির্বাচনে রেকর্ডসংখ্যক ৭৭.৭ শতাংশ ভোট পড়েছে, যা ১৯৯৯ সালের পর ওই সময়ে সর্বোচ্চ ভোটার উপস্থিতির রেকর্ড।

তেল আবিবে আইজেনকোটের ইাশার পার্টির সদর দপ্তরে বুথফেরত জরিপ প্রকাশের পর সমর্থকরা ‘বিবি, বাড়ি যাও’ স্লোগানে উল্লাস প্রকাশ করেন। আইজেনকোট একে ‘ঐতিহাসিক সাফল্য’ ও নেতানিয়াহুর বিরুদ্ধে ‘অনাস্থার রায়’ হিসেবে উল্লেখ করে দেশের জন্য স্থিতিশীল জায়োনিস্ট সরকার গঠনের অঙ্গীকার করেন।

অন্যদিকে, জেরুজালেমে লিকুদ পার্টির কার্যালয়ে সমর্থকদের উদ্দেশে নেতানিয়াহু নিজেকে বিজয়ী দাবি করে বলেন, তাঁর ডানপন্থি জাতীয় জোটই বড় জয় পেয়েছে এবং একটি শক্তিশালী ডানপন্থি সরকার গঠনের ডাক দেন। তাঁর ঘনিষ্ঠ মিত্র জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী ইতামার বেন-গভির সমর্থকদের কট্টর ডানপন্থি সরকার গঠনের প্রার্থনার আহ্বান জানান।

Israel Election 03
পরবর্তী পদক্ষেপ:
ইসরাইলের কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানায়, অফিশিয়াল গণনা শুরু হলেও মূলত সামরিক বাহিনীর সদস্য ও প্রবাসীদের সাড়ে ছয় লাখের বেশি অনুপস্থিত ভোট, যা মোট ভোটের প্রায় ১০ শতাংশ, সম্পূর্ণ গণনা শেষ হতে বৃহস্পতিবার পর্যন্ত সময় লাগতে পারে।

চূড়ান্ত ফলাফল নিশ্চিত হওয়ার পর ইসরাইলের প্রেসিডেন্ট সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে যে নেতাকে সবচেয়ে সম্ভাবনাময় মনে করবেন, তাঁকে নতুন সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন। সেই প্রচেষ্টা ব্যর্থ হলে দেশটি আবারও নতুন এক নির্বাচনের দিকে ধাবিত হবে।

তথ্যসূত্র: বিবিসি-রয়টার্স