আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করলো ইরান

আন্তর্জাতিক রাজনীতিতে কূটনৈতিক পাল্টাপাল্টি পদক্ষেপের উত্তাপ! আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে ইরান। বুয়েনস আইরেস এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসকে (আইআরজিসি) একই তকমা দেওয়ার পর, একই কায়দায়  প্রতিশোধ হিসেবেই এই কঠোর পদক্ষেপ নিল তেহরান।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ও ট্রাম্প প্রশাসনের চাপে গত এপ্রিল মাসে আর্জেন্টিনার সরকার ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কর্পসকে (আইআরজিসি) ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল। ঠিক সেই ঘটনার জবাব দিতেই বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করার ঘোষণা দেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পারস্পরিক সম্পর্কের নীতি এবং সমকক্ষতার ভিত্তিতেই তেহরান এই সিদ্ধান্ত নিয়েছে। এই ঘটনার ফলে ভবিষ্যতে যেকোনো অনভিপ্রেত পরিস্থিতির সম্পূর্ণ দায়ভার একমাত্র আর্জেন্টিনা সরকারকেই বহন করতে হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। তবে এই ঘোষণায় আর্জেন্টিনার সেনাবাহিনী বা আর্মিকে নিয়ে কোনো মন্তব্য করেনি তারা।

উল্লেখ্য, ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের এক ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলায় ৮৫ জন নিহত এবং শত শত মানুষ আহত হয়েছিলেন। দক্ষিণ আমেরিকার ইতিহাসের ওই ভয়াবহতম হামলার পেছনে লেবাননভিত্তিক হিজবুল্লাহ এবং তাদের মূল পৃষ্ঠপোষক ইরানের আইআরজিসি সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ করে আসছে আর্জেন্টিনা।

সেই পুরোনো ঐতিহাসিক ক্ষোভ এবং সাম্প্রতিক মার্কিন কূটনৈতিক চাপের ফলেই দুই দেশের মধ্যকার বৈরিতা এখন চরম কূটনৈতিক সংঘাতে রূপ নিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স