ইরান যুদ্ধ শুরুর পর হরমুজে ২৫ নাবিক নিহত

 গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী ও এর আশপাশের জলসীমায় অন্তত ২৫ জন নাবিক নিহত হয়েছেন। জাতিসংঘের মধ্যপ্রাচ্য, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী মহাসচিব খালেদ খিয়ারি শুক্রবার নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে এই উদ্বেগজনক তথ্য তুলে ধরেন।

গত ১১ নভেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যের ভিত্তিতে তিনি জানান, ওই অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দুর্ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েই চলেছে, যার মধ্যে অক্টোবরেই সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে।

Iran Press US 03
জাতিসংঘের আন্তর্জাতিক নৌ-চলাচল সংস্থার (আইএমও) পরিসংখ্যান অনুযায়ী, ১ মার্চ থেকে ১১ নভেম্বরের মধ্যে হরমুজ প্রণালী ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে বাণিজ্যিক জাহাজ ঘিরে মোট ১৩৬টি নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে কেবল অক্টোবরেই ঘটেছে ৩৫টি এবং নভেম্বরের প্রথম ১১ দিনে ঘটেছে ১০টি ঘটনা।

প্রতিদিনই নতুন নতুন নৌ-দুর্ঘটনার খবর আসছে উল্লেখ করে খালেদ খিয়ারি বলেন, এ ধরনের পরিস্থিতি কোনোভাবেই নতুন স্বাভাবিক বা ‘নিউ নরমাল’ হিসেবে মেনে নেওয়া যায় না। বেসামরিক এবং বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু বানানো সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে তিনি অবিলম্বে ওই অঞ্চলে স্বাভাবিক নৌ-চলাচল ফিরিয়ে আনার আহ্বান জানান।

Iran War 04
জাতিসংঘের এই সতর্কবার্তার মধ্যেই শনিবার ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালীর ‘অননুমোদিত’ বা ‘নিষিদ্ধ’ এলাকা দিয়ে যাওয়ার সময় সামুদ্রিক মাইনের আঘাতে তিনটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন ধরে গেছে। যুদ্ধকালীন এই সময়ে জলপথটি অতিক্রম করতে হলে তেহরানের পূর্বানুমতি নেওয়া বাধ্যতামূলক বলে আগেই সতর্ক করেছিল ইরান।

দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, হরমুজ প্রণালীর পূর্বাঞ্চলীয় নিষিদ্ধ এলাকা দিয়ে আইন অমান্য করে কোনো ট্যাংকার চলাচল করলে নৌ-মাইনের আঘাতে সেটিকে জ্বালিয়ে দেওয়া হবে।

Iran attack Ship
অন্যদিকে, মার্কিন সামরিক বাহিনীর দাবি, তারা হরমুজ প্রণালীর প্রধান রুটগুলো থেকে মাইন অপসারণ করেছে এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য জলপথটি উন্মুক্ত রয়েছে। তবে মাঠের বাস্তবতা বলছে ভিন্ন কথা। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধ-পূর্ববর্তী সময়ের তুলনায় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় ৬৫ শতাংশ কমে গেছে।

নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে খালেদ খিয়ারি মধ্যপ্রাচ্যের বর্তমান নৌ-চলাচল ব্যবস্থাকে ব্যয়বহুল, অনিশ্চিত এবং অনিরাপদ হিসেবে অভিহিত করেছেন। তার মতে, সামুদ্রিক পরিবহনে এই অচলাবস্থার কারণে বিশ্ব অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। একদিকে যেমন জ্বালানি, পরিবহন ও বিমা খরচ বহুগুণ বেড়ে গিয়ে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি উসকে দিচ্ছে, তেমনি সার সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় বৈশ্বিক খাদ্য নিরাপত্তাও বড় ধরনের হুমকির মুখে পড়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা