কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে সামুদ্রিক মাইনের আঘাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেলবাহী একটি বিশাল সুপারট্যাংকার ডুবে গেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। আইআরজিসি জানিয়েছে, গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক জলপথ অতিক্রমের সময় মোট দুটি তেলবাহী ট্যাংকার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে একটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলে তলিয়ে গেছে। তবে স্বাধীন কোনো সূত্র থেকে এখনো এই ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বিবৃতিতে ইরানের রেভল্যুশনারি গার্ডস জানায়, গত কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালীর দক্ষিণাংশে অননুমোদিত পথ দিয়ে চলার সময় দুটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের আঘাতে পড়ে। এর ফলে সেখানে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং জাহাজ দুটিতে আগুন ধরে যায়।
বিবৃতিতে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি তেল বহনকারী একটি সুপারট্যাংকার উপসাগরের দক্ষিণ জলসীমায় ডুবে গেছে। তবে ডুবে যাওয়া বা ক্ষতিগ্রস্ত ট্যাংকার দুটির নাম কিংবা সেগুলো কোন দেশের মালিকানাধীন, সে বিষয়ে কিছুই উল্লেখ করেনি তেহরান।
গত ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবহনের এই গুরুত্বপূর্ণ রুটটিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে, জলপথটি ব্যবহার করতে হলে ইরানের অনুমোদিত রুটই বেছে নিতে হবে এবং পূর্বানুমতি ছাড়া চলাচলকারী জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তু বানানো হচ্ছে।
এর পাল্টা জবাবে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করেছে এবং বাণিজ্যিক ট্যাংকারগুলোকে নিরাপত্তা দিয়ে প্রণালী পার হতে সহায়তা করছে। মার্কিন সামরিক বাহিনী সম্প্রতি দাবি করেছিল যে তারা হরমুজ প্রণালীর প্রধান রুটগুলো থেকে সব মাইন অপসারণ করেছে, কিন্তু ইরানের এই নতুন দাবি ভিন্ন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে হরমুজ প্রণালীতে মাইনের আঘাতে জাহাজে আগুন লাগার একাধিক ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে, ওই অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রম তদারককারী ইউএস সেন্ট্রাল কমান্ড গত মাসে জানিয়েছিল যে গ্রীষ্মকাল থেকে তারা উপসাগরীয় দেশগুলোকে হরমুজ প্রণালী দিয়ে ১৫০ কোটি ব্যারেল তেল রপ্তানিতে সহায়তা করেছে।
অন্যদিকে, যুক্তরাজ্যের সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) রোববার জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে একটি ট্যাংকারে হামলার বিষয়ে ভারতীয় নৌ-কর্তৃপক্ষের একটি প্রতিবেদন সম্পর্কে তারা অবগত রয়েছে।
তবে এটি ইরানের রেভল্যুশনারি গার্ডসের ঘোষিত সেই একই ঘটনা কি না, তা এখনো স্পষ্ট নয়। ইউকেএমটিও আরও জানিয়েছে, ওই ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা পরিবেশগত প্রভাব কী হতে পারে তা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও জাহাজটির নাবিকরা নিরাপদে আছেন।
তথ্যসূত্র: গালফ নিউজ