মধ্যপ্রাচ্যের বালুকাবেলায় শুরু হওয়া যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের সংঘাত কি তবে এবার ইউরোপের মাটিতেও আছড়ে পড়তে চলেছে? সাম্প্রতিক কিছু ঘটনাপ্রবাহ এবং তেহরানের আক্রমণাত্মক বার্তায় ইউরোপজুড়ে ঠিক এমনই এক গভীর শঙ্কা তৈরি হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি হুমকি দেওয়া হয়েছে, তাদের পরিমার্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এখন ইউরোপে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম, যার মধ্যে ব্রিটেনের ‘আরএএফ ফেয়ারফোর্ড’ বিমানঘাঁটির নামও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।
একদিকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলার হুঁশিয়ারি, অন্যদিকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর কথিত ড্রোন ষড়যন্ত্র, আগুন ও সাইবার নাশকতা ইউরোপীয় নিরাপত্তা সংস্থাগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে।

ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমা তুলে নিল ইরান: গত শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক প্রতিবেদনে ব্রিটেনের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়। ইরানবিরোধী সামরিক অভিযানে মার্কিন বোমারু বিমানগুলো এই ঘাঁটিটি ব্যবহার করেছিল।
প্রতিবেদনে দম্ভের সঙ্গে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কেবল তারা যা দেখেছে তার মধ্যেই সীমাবদ্ধ নয়। তেহরানের দাবি, ২০২৩ সালে উন্মোচিত ‘খোররামশাহর-৪’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন ১৫০০ কেজি থেকে কিছুটা কমিয়ে আনলে এর ২,০০০ কিলোমিটারের পাল্লা কয়েকগুণ বাড়ানো সম্ভব। যদিও ব্রিটেন পর্যন্ত পৌঁছানোর মতো এমন কোনো ক্ষেপণাস্ত্র ইরানের হাতে সত্যিই আছে কি না, তা স্বাধীন কোনো সূত্র থেকে নিশ্চিত হওয়া যায়নি।
তবে এই হুমকিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। কারণ, গত ৩১ অক্টোবর ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে ভৌগোলিক কোনো সীমাবদ্ধতা ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।
এর পরপরই ইরানের রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) ঘোষণা দেয়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লার ওপর দীর্ঘদিনের স্ব-আরোপিত ২,০০০ কিলোমিটারের সীমাবদ্ধতা তারা তুলে নিয়েছে। এমনকি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইও চলতি সপ্তাহে সতর্ক করে দিয়েছেন যে, ওয়াশিংটন পুনরায় হামলা চালালে ইউরোপের মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

ব্রিটিশ ঘাঁটি থেকে মার্কিন বিমান সরিয়ে নেয়া ও ড্রোন ষড়যন্ত্র: তেহরানের মৌখিক হুমকির সমান্তরালে ব্রিটেনে মার্কিন সামরিক স্থাপনাগুলোতে গোপন হামলার একাধিক ষড়যন্ত্রের তথ্য সামনে এসেছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, পূর্ব ইংল্যান্ডের ‘আরএএফ মিলডেনহল’ ঘাঁটিতে ইরান-সমর্থিত একটি ড্রোন হামলার ছক গোয়েন্দা সংস্থাগুলোর নজরে আসার পর তড়িঘড়ি সেখান থেকে অন্তত এক ডজন মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। ইউরোপে মার্কিন বিমানের জ্বালানি সরবরাহ ও বিশেষ অভিযানের জন্য এই ঘাঁটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এর আগে গত সেপ্টেম্বরেও আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে হামলার এক বড় ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল ব্রিটিশ পুলিশ। ঘাঁটিতে পৌঁছানোর আগেই তিনটি ভ্যানে থাকা পাঁচ ব্যক্তিকে আটক করা হয়। মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, ওই ব্যক্তিরা দাহ্য পদার্থ ব্যবহার করে ঘাঁটিতে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে।

নেপথ্যে সক্রিয় গোপন নেটওয়ার্ক ও স্থানীয় এজেন্ট: সরাসরি সামরিক সংঘাতের বদলে ইউরোপের ভেতরে স্থানীয় অপরাধীদের ভাড়া করে কম খরচে নাশকতা চালানোর এক ভয়ংকর কৌশলের কথা উঠে এসেছে নিউ ইয়র্কের ফেডারেল আদালতে উন্মোচিত এক অভিযোগপত্রে। মার্কিন তদন্তকারীদের মতে, আইআরজিসি-র এক সদস্য, একজন ইরাকি মধ্যস্থতাকারী এবং ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী ‘কাতাইব হিজবুল্লাহ’-র জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ বাকের সাদ দাউদ আল সাদির সমন্বয়ে গঠিত একটি নেটওয়ার্ক ইউরোপে ইহুদি স্থাপনা ও পশ্চিমা স্বার্থে হামলার ছক কষছিল।
তদন্তে দেখা গেছে, এই নেটওয়ার্ক স্থানীয় তরুণদের ব্যবহার করে নাশকতা চালাচ্ছে। যেমন—লন্ডনের একটি সিনাগগে আগুন দেওয়ার চেষ্টাকালে এক কিশোরকে ভিডিও কলের মাধ্যমে সরাসরি নির্দেশনা দেওয়া হচ্ছিল। এছাড়া লন্ডনে ইহুদি কমিউনিটির স্বেচ্ছাসেবী জরুরি সেবার চারটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়ার পেছনেও এই চক্রের হাত রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সাইবার নাশকতা ও জনমনে আতঙ্ক: সামরিক ও গুপ্তহামলার পাশাপাশি ইউরোপের বেসামরিক অবকাঠামোতেও চলছে নীরব সাইবার যুদ্ধ। গত অক্টোবরে ফ্রান্সের সুপারমার্কেটগুলোর রেফ্রিজারেশন সিস্টেমে ভয়াবহ সাইবার হামলার ফলে কয়েক মিলিয়ন ডলারের খাদ্যসামগ্রী নষ্ট হয়ে যায়। পরবর্তীতে ইউরোপের আরও কয়েকটি দেশের খুচরা বিক্রেতারা একই ধরনের হামলার শিকার হন। এমনকি ফ্রান্সের ব্লাড ব্যাংকগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। ফরাসি কর্তৃপক্ষ এই ঘটনাকে একটি বৃহৎ নাশকতামূলক অভিযান আখ্যা দিয়ে এর জন্য সরাসরি ইরানকে দায়ী করেছে।
এর মধ্যেই গত বৃহস্পতিবার ইউরোপজুড়ে এক নজিরবিহীন বেনামি বোমা হামলার হুমকিতে ৫০টিরও বেশি ফ্লাইট এবং হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান চরম বিপর্যয়ের মুখে পড়ে; ইতালির শত শত স্কুল খালি করে ফেলতে হয়। যদিও এর পেছনে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কোনো প্রমাণ ছাড়া বিদেশি শক্তিকে দায়ী করার বিষয়ে সতর্ক করেছেন।

ইউরোপ কি তবে নতুন রণাঙ্গন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে দাবি করেছিলেন যে, ইরানের বিরুদ্ধে তার যুদ্ধের সিদ্ধান্ত বিশ্বকে আরও নিরাপদ ও শান্তিপূর্ণ করে তুলবে। কিন্তু ইউরোপের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযানে সরাসরি অংশ না নেওয়ার চেষ্টা করেও ইউরোপীয় সরকারগুলো এখন নিজেদের অস্তিত্ব ও নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
ইউরোপীয় কাউন্সিল অন ফরেন রিলেশনসের মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ এলি গেরানমায়েহ নিউইয়র্ক টাইমসকে বলেন, ইরান ইউরোপীয়দের খুব স্পষ্ট বার্তা দিচ্ছে যে, যুক্তরাষ্ট্র যদি পুনরায় যুদ্ধ শুরু করে, তবে পাল্টা হামলার লক্ষ্যবস্তুর তালিকায় ইউরোপও যুক্ত হবে। কূটনৈতিক আলোচনা যখন থমকে আছে এবং ট্রাম্প যখন তেহরানের সঙ্গে নতুন কোনো চুক্তির প্রয়োজনীয়তা নাকচ করে দিচ্ছেন, তখন ইরানের এই বহুমুখী চাপ ইউরোপকে এক চরম অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে।
এটি কি কেবল ওয়াশিংটনকে নতুন হামলা থেকে বিরত রাখার কৌশল, নাকি সত্যিই ইউরোপকে একটি নতুন রণাঙ্গনে পরিণত করার পূর্বাভাস, সেই প্রশ্নই এখন তাড়া করে ফিরছে গোটা বিশ্বকে।
তথ্যসূত্র: গালফ নিউজ
