গাজার ধ্বংসস্তূপ থেকে স্বজনদের মরদেহ উদ্ধারের মর্মান্তিক গল্প

যুদ্ধ হয়তো থামে সাময়িকভাবে, কিন্তু স্বজন হারানোর ক্ষত আর ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ প্রিয়জনের লাশের অপেক্ষায় কাটানো দিনগুলো কি কখনো মুছে যায়? গাজার উত্তরাঞ্চলের বীর আন-নাজার বাসিন্দা ষাটোর্ধ্ব মাহমুদ নাবহান এই প্রশ্নের উত্তর খুঁজছিলেন দীর্ঘ তিন বছর ধরে।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলি বর্বর হামলায় তার সাত সন্তান, নাতি-নাতনিসহ পরিবারের ১৭ জন সদস্য চিরতরে হারিয়ে যান। সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া পরিবারের সদস্যদের একটি যথাযথ দাফন বা কবর দেওয়ার জন্য তাঁকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ তিনটি বছর।

২০২৩ সালের অক্টোবরে উত্তর গাজায় ইসরাইলি হামলায় মাহমুদ নাবহান তাঁর পরিবারের ১৭ জন সদস্যকে হারান। ছবি: সংগৃহীত
অবশেষে সম্প্রতি সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল যখন তাঁর গুঁড়িয়ে যাওয়া বাড়ির নিচ থেকে পরিবারের সদস্যদের অবশেষ উদ্ধার করে আনে, তখন এক অদ্ভুত মিশ্র অনুভূতিতে আচ্ছন্ন হন মাহমুদ। তিনি বলেন, “সবাই ছিল শিশু, সবাই ছিল আমার অত্যন্ত প্রিয়।

তিনি জানান, ওই বাড়িটিতে কোনো যোদ্ধা, সেনা বা বন্দি কেউ ছিল না। এত দীর্ঘ সময় পর অবশেষগুলো ফিরে পাওয়ার পর তাঁর মনে হয়েছে, যেন প্রিয়জনদের আজকেই আবার হত্যা করা হলো। নতুন করে খুঁচিয়ে উঠেছে পুরোনো ক্ষত। তবুও আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি বলেন, এখন আমরা জানি আমাদের সন্তান ও স্বজনদের একটি কবর হয়েছে, ভাইবোনেদের পাশে তারা শায়িত আছে এবং আমরা গিয়ে তাদের কবর জিয়ারত করতে পারব।

ধ্বংসস্তূপের নিচে হাজারো প্রাণ ও অন্তহীন অপেক্ষা

গাজায় চলা এই ভয়াবহ জনমানবহীন ধ্বংসযজ্ঞে কমপক্ষে ৭৩ হাজার ৬০০ মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি বিমান হামলা ও গোলাবর্ষণে গাজার ৮২ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত কিংবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে হাজার হাজার মানুষের মরদেহ চাপা পড়ে আছে বিভিন্ন ভবনের রুবল বা স্তূপের নিচে।

ভারী যন্ত্রপাতি ও পর্যাপ্ত সরঞ্জামের অভাবে সিভিল ডিফেন্সের পক্ষে দ্রুত এসব মরদেহ উদ্ধার করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। ২০২৩ সালের পর থেকে চরম প্রতিকূল অবস্থার মধ্যে দিন কাটাতে হয়েছে গাজাবাসীকে।

৪৭ বছর বয়সী ফাতিমা আল-মাসরি তার স্বামী ও ছেলের কবরের পাশে বসে আছেন; ধ্বংসস্তূপের নিচে দুই বছর চাপা পড়ে থাকার পর তাদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত
উত্তর গাজার সাফাতভি এলাকার বাসিন্দা ৪৭ বছর বয়সী ফাতিমা আল-মাসরি। দুই বছর আগে ইসরায়েলি হামলায় তাঁর স্বামী ও ১৮ বছরের তরুণ ছেলে নিহত হন। তাদের বাড়িটি ধসে পড়ায় মরদেহগুলো আটকে ছিল ধ্বংসস্তূপের নিচে। ফাতিমা বলেন, প্রতি এক বা দুই মাস পর পর আমরা সিভিল ডিফেন্সের কাছে খোঁজ নিতাম। তাঁরা বলতেন, ছাদ ধসে পড়ার কারণে ভারী যন্ত্রপাতি ছাড়া ওই স্তূপ সরানোর উপায় নেই।

দীর্ঘ দুই বছরের অবর্ণনীয় মানসিক যন্ত্রণা আর অন্তহীন উদ্বেগ শেষে যখন উদ্ধারকাজ শুরু হয়, তখন ধ্বংসস্তূপের মধ্য থেকে উদ্ধার হয় হাড়ের টুকরো, ছেলের মোবাইল ফোন এবং অন্য প্রিয়জনদের ব্যবহার্য জিনিসপত্র। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে একটু শান্তি পেলেও সেই শোকের গভীরতা ছিল অসীম।

নিখোঁজের হাজারো বেদনা ও স্বজনদের শনাক্তের করুণ দৃশ্য

ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের হিসাব অনুযায়ী, গাজাব্যাপী এখনো ৮ হাজারের বেশি মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। নিখোঁজের মোট সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে সিভিল ডিফেন্সের কর্মীদের প্রায়ই হাত দিয়ে মাটি ও ইট সরিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও কষ্টকর এই উদ্ধারকাজ চালাতে হয়।

প্রায় দুই বছর পর নিজের ভাইয়ের দেহাবশেষ উদ্ধারের সময় উপস্থিত ছিলেন রামিজ হাসুনা। ছবি: সংগৃহীত
ইসরা অফিসিয়াল সূত্রে জানা গেছে, ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত গাজার বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে ৬৩০টির বেশি মরদেহ ও মানবাবশেষ উদ্ধার করা হয়েছে। ইসরা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক রামিজ হাসসৌনা প্রায় দুই বছর পর তার ভাই মননিয়াসের অবশেষ খুঁজে পাওয়ার পর সেই অনিশ্চয়তার সমাপ্তি দেখেন। গত ২০২৪ সালের নভেম্বর মাসে জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি সামরিক অবরোধের সময় মনতাসার নিখোঁজ হয়েছিলেন।

 দীর্ঘ দুই বছর ধরে কখনো মৃত্যুর খবর, কখনো বা আটকের গুজবের মধ্য দিয়ে কেটেছে পরিবারের দিনগুলো। অবশেষে আল-ফালুজা এলাকার একটি ধ্বংসস্তূপ থেকে তাঁর ঘড়ি, মেসওয়াক, জায়নামাজ ও সামনের দাঁতের বিশেষ চিহ্নের মাধ্যমে মনতাসারকে শনাক্ত করা হয়। রামিজ বলেন, “ভাইয়ের ওই অবস্থা দেখার সাহস আমার ছিল না, তাই ছোট ভাইকে পাঠিয়েছিলাম। যে বন্ধুরা একসঙ্গে মারা গিয়েছিলেন, তাঁদেরও একই কবরে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। গাজার প্রতিটি ধ্বংসস্তূপ আজ কেবল ইট-পাথরের স্তূপ নয়, বরং হাজারো মানুষের না বলা বেদনা ও স্মৃতির এক জীবন্ত দলিল।

তথ্যসূত্র: আল জাজিরা