গাজায় ভয়াবহ মানবিক সংকটের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। উপত্যকাটিতে জরুরি ভিত্তিতে নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশ ও বিতরণ নিশ্চিত করা এবং সব সীমান্ত ক্রসিং খুলে দেওয়ার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।
ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস এক বিবৃতিতে বলেন, গাজায় চলমান ও ভয়াবহ মানবিক সংকট নিয়ে ইউরোপীয় ইউনিয়ন গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে মানবিক সহায়তা ও পুনরুদ্ধার কার্যক্রমের উপকরণ ব্যাপক পরিসরে পৌঁছানো এবং তা ধারাবাহিকভাবে বিতরণের সুযোগ দিতে হবে। একই সঙ্গে গাজার সব সীমান্ত ক্রসিং খুলে দিতে হবে।
কাজা কালাস বলেন, গাজায় ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও শীতের তীব্রতা সেখানকার আগে থেকেই বিপর্যস্ত মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলেছে। এতে অনিরাপদ পরিস্থিতি ও মানুষের দুর্ভোগ বেড়েছে।
গাজায় শীতের প্রকোপ শুরু হয়েছে। সাম্প্রতিক দিনগুলোতে তাঁবুতে আশ্রয় নেওয়া হাজারো মানুষ বন্যার পানিতে ভোগান্তিতে পড়েছেন।
জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, গাজার ৯৪ শতাংশ মানুষের জরুরি ভিত্তিতে আশ্রয় সহায়তা প্রয়োজন। উপত্যকাটির প্রায় ৬৫ শতাংশ পরিবার তাঁবু কিংবা অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছে। এ ছাড়া শীতকালীন সহায়তা প্রয়োজন ৬ লাখ ৫০ হাজার শিশুর। এ সহায়তার মধ্যে রয়েছে গরম পোশাক ও কম্বল।
বিবৃতিতে কাজা কালাস আরও বলেন, জাতিসংঘ ও এর সংস্থাগুলো এবং বেসরকারি সংস্থাসহ মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনগুলোর কার্যক্রম পরিচালনার সুযোগ ইসরায়েলকে নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক মানবিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইনসহ আন্তর্জাতিক আইনের অধীনে দেশটির সব বাধ্যবাধকতা মেনে চলতে হবে।
তিনি বলেন, গাজা সংঘাত অবসানের জন্য প্রণীত সমন্বিত পরিকল্পনায় মানবিক সহায়তা নিয়ে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আন্তর্জাতিক আইন অনুসরণ করে সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হবে।
সূত্র: আল-জাজিরা
