আহত পশুর মতো আচরণ করছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকেই ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়ে যাচ্ছেন এবং নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলছেন। দীর্ঘদিন ধরে ইসরাইলের ক্ষমতায় থাকা নেতানিয়াহু এবার হয়তো ক্ষমতা ছাড়তে বাধ্য হতে পারেন; তবে তা নির্ভর করছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী শিবির সরকার গঠন করতে পারে কি না, তার ওপর।
বিরোধীরা সরকার গঠনে ইসরাইলে বসবাসকারী আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে পারেন, এমন সম্ভাবনা থেকে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা চালাচ্ছেন নেতানিয়াহু। কোনো প্রমাণ ছাড়াই তিনি নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন। তার তৈরি করা উত্তপ্ত রাজনৈতিক পরিবেশে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা প্রকাশ্যে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন।
এমনকি সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেছেন, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইরানের সঙ্গে নতুন করে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাধানোর চেষ্টাও করেছেন।
এরই মধ্যে খবর প্রকাশিত হয়েছে, নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র গোয়েন্দা সংস্থা শিন বেত বিদেশি হস্তক্ষেপের সন্দেহে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল। এ ছাড়া নির্বাচনের দিন আরব বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তারের অনুমতিও চেয়েছিল সংস্থাটি। তবে অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ নাকচ করে দেন।
বিরোধী নেতা ইয়ার লাপিদ এবং আরব জোট জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিনসহ অন্য নেতারা এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে অভিহিত করেছেন। পাশাপাশি নির্বাচনের আগে ভোট কেনাবেচার অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সাজানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
বিশ্লেষক ও রাজনীতিকদের মতে, নেতানিয়াহুর এসব মরিয়া চেষ্টার মূল উদ্দেশ্য হলো ক্ষমতায় টিকে থাকা, অথবা এমন একটি সরকার গঠন করা যা তাঁর ও তাঁর মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে। কারণ, প্রধানমন্ত্রিত্ব হারানো মানে নেতানিয়াহুর আইনি ও রাজনৈতিক সুরক্ষাকবচ হারানো।
২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে অভিযুক্ত তিনি। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া তাঁর বিচারকাজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে বারবার পিছিয়েছে; দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।
এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার আগে নেতানিয়াহু ও তাঁর সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি দীর্ঘদিন ধরেই চলছে। সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্ভাব্য ওই হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন।
এসব প্রতিবেদন প্রকাশ্যে আসার পর তদন্ত কমিশন গঠনের দাবি আরও জোরালো হয়েছে এবং গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইন প্রণয়নের তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে। সমালোচকদের মতে, গাজা যুদ্ধ এবং বিচার বিভাগের নজরদারি দুর্বল করার পদক্ষেপ থেকে সৃষ্ট সাংবিধানিক সংকট নেতানিয়াহুর বিরুদ্ধে চলা দুর্নীতির অভিযোগ থেকে দৃষ্টি সরাতে সহায়তা করেছে।
লন্ডনের কিংস কলেজের ইসরাইলি বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, নেতানিয়াহু এখন আহত পশুর মতো আচরণ করছেন। নির্বাচনে হেরে যাওয়া তাঁর কাছে শুধু রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ও। বিশেষ করে তাঁর দুর্নীতির বিচার চলছে, যার পরিণতিতে তাঁকে কারাগারেও যেতে হতে পারে। প্রধানমন্ত্রিত্ব হারানো মানে তাঁর সুরক্ষাকবচ হারানো। তাই নেতানিয়াহুর কাছে কোনো কিছুই এখন অসম্ভব নয়।
নির্বাচনের পরপরই ডানপন্থী বিক্ষোভকারীরা বিরোধী নেতা আইজেনকটের বাড়ির সামনে জড়ো হয়ে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করার হুঁশিয়ারি দেন এবং তাঁকে বিশ্বাসঘাতক বলে স্লোগান দেন। এর মধ্যেই প্রকাশ্যে আসা এক চিঠিতে হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের একটি ধর্মীয় বিধানের উল্লেখ করেছেন।
১৯৯৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার যুক্তি হিসেবে ঘাতক ইয়িগাল আমির এই বিধান ব্যবহার করেছিলেন; ফলে চিঠিতে এর উল্লেখ নতুন করে রাজনৈতিক সহিংসতার শঙ্কা বাড়িয়ে তুলেছে।
বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ বলেন, আইজেনকটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বৃদ্ধি পাবে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো কিছু করতে প্রস্তুত। ডানপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। আমি সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছি না। নেতানিয়াহু তাঁকে ঘিরে একধরনের ব্যক্তিপূজার সংস্কৃতি গড়ে তুলেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই গোষ্ঠী সহজেই অস্ত্র হাতে তুলে নিতে পারে।
এদিকে নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নেতানিয়াহুর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর শিন বেতের প্রধান জিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের চেষ্টায় জড়িত থাকলে তাঁর সংস্থার স্বাধীনতা এবং নিজের পদ- দুটিই বড় ধরনের সংকটে পড়তে পারে।
যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গ বলেন, নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে লড়ছেন। এ জন্য তাঁর আশপাশের সহযোগীরা বিপদে পড়লেও তিনি পরোয়া করেন না। তবে এবার তিনি সফল না-ও হতে পারেন। সহযোগীদের পরিণতি কিংবা নিজের রাজনৈতিক উত্তরাধিকার, কোনো কিছু নিয়েই তাঁর মাথাব্যথা নেই। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্ষমতায় টিকে থাকা।
তথ্যসূত্র: আল জাজিরা-টাইমস অব ইসরাইল