ইসরাইলের রাজনীতিতে বড় ধরনের মোড় পরিবর্তন ঘটেছে। দেশটির সংসদ নেসেটে বিরোধী দলগুলোর ভোটে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন মাতান কাহানা। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী গাডি আইসেনকোটের নেতৃত্বাধীন ‘যোশার’ পার্টির একজন আইনপ্রণেতা। এতে নেতানিয়াহুর দীর্ঘদিনের রাজনৈতিক এজেন্ডা এবং ক্ষমতা খর্ব করার পথে বিরোধী শিবির এক ধাপ এগিয়ে গেল।
গত মঙ্গলবার ইসরাইলি পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে ৬৬-৫২ ব্যবধানে জয়লাভ করেন মাতান কাহানা। তিনি লিকুদ পার্টির সদস্য ও বিদায়ী স্পিকার আমির ওহানার স্থলাভিষিক্ত হলেন। এই জয়ে আইসেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লক ও তাদের আরব মিত্রদের সমর্থন বড় ভূমিকা রেখেছে।
স্পিকার নির্বাচিত হয়ে কাহানা জানিয়েছেন, নেসেট হলো ইসরাইলের সকল নাগরিকের ঘর এবং তিনি দলমত নির্বিশেষে সকলের স্পিকার হিসেবে কাজ করতে চান।

নেসেটের স্পিকার পদটি অত্যন্ত ক্ষমতাশালী; কারণ কোন কোন বিল ভোটাভুটির জন্য উত্থাপিত হবে তা নির্ধারণের ক্ষেত্রে স্পিকারের বড় ভূমিকা থাকে। নতুন স্পিকারের মাধ্যমে বিরোধী জোট এখন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস করার পরিকল্পনা নিয়েছে। এর মধ্যে রয়েছে-
- ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের আক্রমণের বিষয়ে একটি স্বাধীন সরকারি তদন্ত কমিশন গঠন (যা নেতানিয়াহু এতদিন বিরোধিতা করে আসছিলেন)।
- প্রধানমন্ত্রীর মেয়াদের ওপর নির্দিষ্ট সময়সীমা (টার্ম লিমিট) আরোপ।
- বিগত নেতানিয়াহু সরকারের পাস করা বিচার বিভাগীয় সংস্কার আইনগুলোর কার্যকারিতা বাতিল বা সংশোধন করা।
এদিকে এই নির্বাচনকে তীব্র ভাষায় আক্রমণ করেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। বিরোধী দলগুলো ‘সন্ত্রাসবাদের সমর্থকদের’ ভোট নিয়ে স্পিকার নির্বাচিত করেছে বলে অভিযোগ তুলে একে ইসরায়েলের ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় বলে অভিহিত করেছেন নেতানিয়াহু।
সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা: গত অক্টোবরের অমিমাংসিত সাধারণ নির্বাচনের পর থেকেই দেশটিতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থা চলছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ বিরোধী নেতা গাডি আইসেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দিলেও তাঁর দল ও শরিকদের সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কিছুটা কম। অন্যদিকে নেতানিয়াহু বর্তমানে কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্ধারিত সময়ের মধ্যে নতুন সরকার গঠিত না হলে আগামী বছর আবারও নির্বাচন দেখতে হতে পারে ইসরাইলকে।
তথ্যসূত্র: রয়টার্স
