ইরানের হামলায় বাহরাইনের শিল্প স্থাপনায় আগুন

বাহরাইনে ইরানের হামলায় একটি বেসামরিক শিল্প স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার বাহরাইন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে, মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের আবাসস্থল হিসেবে পরিচিত উপসাগরীয় এই দেশটিতে অবস্থিত মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো সংঘাতে জড়িয়ে পড়ার প্রেক্ষাপটে এটি আঞ্চলিক বৈরিতার সর্বশেষ উত্তেজনা।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শিল্প স্থাপনাটির আগুন নিয়ন্ত্রণে বেসামরিক প্রতিরক্ষা দল কাজ করছে; তবে স্থাপনাটির অবস্থান বা ধরন সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে সম্ভাব্য হুমকির কারণে বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে সরে যাওয়ার সতর্কতা জারি করেছিল মন্ত্রণালয়; পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দিলেও দ্বিতীয় দফায় আবারও সতর্কতা জারি করা হয়।

পরবর্তীতে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের একাধিক আকাশ হামলা প্রতিহত করেছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানি বা আহত হওয়ার ঘটনা ঘটেনি। তেহরান বাহরাইনের বিরুদ্ধে তাদের ‘পরিকল্পিত শত্রুতাপূর্ণ আচরণ’ অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেছে প্রতিরক্ষা বাহিনী।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক বিবৃতিতে বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তাদের অ্যারোস্পেস ফোর্স বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে অবস্থিত মার্কিন অবস্থানগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা চালিয়েছে। চলমান আগ্রাসন এবং বারবার ইরানের আকাশসীমা লঙ্ঘনের প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে বিপ্লবী গার্ড বাহিনীর এই দাবির বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি মার্কিন সেন্ট্রাল কমান্ড। উল্লেখ্য, সাম্প্রতিক দিনগুলোতে বাহরাইন ইরানের বেশ কয়েকটি আকাশ হামলা প্রতিহত করার খবর জানিয়েছে এবং যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই উপসাগরীয় আরব দেশগুলো বারবার তেহরানের হামলার মুখে পড়ছে।

তথ্যসূত্র: রয়টার্স