নেতানিয়াহুকে আলোচনার আমন্ত্রণ জানালেন আইজেনকোট

ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট জোট আলোচনার জন্য তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন। শনিবার আইজেনকোটের মধ্যপন্থী দল ‘ইয়াশার পার্টি’ এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, রোববার থেকে শুরু হতে যাওয়া এই ম্যারাথন আলোচনা সম্ভাব্য সবচেয়ে বিস্তৃত সরকার গঠনের প্রতি তাদের আন্তরিক অঙ্গীকারের প্রতিফলন।

গত অক্টোবরে অনুষ্ঠিত ইসরাইলের সাধারণ নির্বাচনে কোনো জোটই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়ে নতুন সরকার গঠনের জন্য আগামী মাস পর্যন্ত সময় পেয়েছেন আইজেনকোট। তবে অতি-গোঁড়া ইহুদি (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলোর সঙ্গে জোট বাঁধা, নাকি আরব-সংখ্যাগরিষ্ঠ দলগুলোর সমর্থন নেওয়া, অথবা নেতানিয়াহুর জোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন—এসব নিয়ে আইজেনকোটের নিজস্ব শিবিরেই তীব্র মতবিরোধ দেখা দিয়েছে।

Israel Opposition
ইয়াশার পার্টির বিবৃতিতে বলা হয়েছে, নতুন সরকার গঠনের প্রতিটি বিকল্প যাচাইয়ের লক্ষ্যে দলের চেয়ারম্যান আইজেনকোট তাঁর আলোচক দলকে লিকুদ পার্টির সমপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে, আইজেনকোট শিবিরের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট শনিবার ‘আইজেনকোটের নেতৃত্বে জায়নবাদী ঐক্যের সরকার’ গঠনের আহ্বান জানিয়ে সাফ বলে দিয়েছেন, তাঁর দল নেতানিয়াহু বা তাঁর জোটের সঙ্গে কোনোভাবেই যোগ দেবে না।

ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকারের পক্ষে জোরালো অবস্থান নেওয়া নেতানিয়াহুর লিকুদ পার্টি আইজেনকোটের আমন্ত্রণের পরপরই নিজেদের শর্ত ও অবস্থান স্পষ্ট করেছে। লিকুদের দাবি, আলোচনার আগে নেতানিয়াহু ও সরকারের বিরুদ্ধে সব ধরনের ‘ব্যক্তিগত আক্রমণ ও উস্কানি’ এবং রাজনৈতিক ‘বয়কট’ বন্ধ করতে হবে। উল্লেখ্য, আইজেনকোট লিকুদ পার্টির সদস্যদের নিয়ে সরকার গঠনে নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেও আগে স্পষ্ট জানিয়েছিলেন যে তিনি নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারে থাকবেন না।

Israel Election 04
লিকুদ পার্টি এমন একটি যৌথ ঘোষণার দাবি তুলেছে, যেখানে আরব দলগুলোর অংশগ্রহণ ছাড়া এবং ‘ইসরায়েলকে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র’ হিসেবে স্বীকৃতি দেওয়া সব দলের সমন্বয়ে ঐক্যের সরকার গঠনের অঙ্গীকার থাকবে। উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানানো সত্ত্বেও হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করতে অস্বীকৃতি জানানোয় নেতানিয়াহু ও তাঁর মিত্ররা প্রায়ই আরব দলগুলোর নেতাদের সমালোচনা করে থাকেন।

এছাড়া লিকুদের প্রস্তাবিত নীতিমালায় ইসরাইলকে ইহুদি জাতিরাষ্ট্র হিসেবে স্বীকার করার পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান, সিরিয়া, লেবানন ও গাজায় ইসরায়েলের ‘নিরাপত্তা অঞ্চল’ বজায় রাখা এবং সামরিক বাহিনীতে অতি-গোঁড়া ইহুদিদের বাধ্যতামূলক যোগদানের বিষয়টি ওই সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ‘বিস্তৃত সমঝোতার’ মাধ্যমে সমাধানের শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

এদিকে, জোট গঠনের আলোচনা দীর্ঘায়িত হতে দেবেন না বলে শুক্রবার অঙ্গীকার করেছেন আইজেনকোট; বিস্তৃত সরকার গঠনের চেষ্টা ব্যর্থ হলে তিনি পার্লামেন্টে একটি সংখ্যালঘু জাতীয় জরুরি সরকারের প্রস্তাব পেশ করতে প্রস্তুত রয়েছেন বলেও জানিয়েছেন।

তথ্যসূত্র: এনডিটিভি