নতুন বছরে ইরানে নতুন সামরিক অভিযান: ট্রাম্প

নতুন বছরের পর ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ শুরু করার কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেয়া সাম্প্রতিক বক্তব্যে তিনি সতর্ক করে বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে চুক্তিতে পৌঁছানো না গেলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযানে ফিরে যাবে।

ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে বলপ্রয়োগ করতে প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র। নতুন বছরের শুরুর আগে কোনো সমঝোতা না হলে দুই দেশের মধ্যে নতুন করে সামরিক সংঘাত এবং উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্য মূলত কোনো একটি চুক্তিতে পৌঁছানোর জন্য তেহরানের ওপর চাপ বাড়ানোরই ইঙ্গিত বহন করে।

তবে সম্ভাব্য সেই চুক্তির সুনির্দিষ্ট শর্ত কী হতে পারে কিংবা সামরিক পদক্ষেপ এড়ানোর শর্তগুলো কী হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট কিছু জানা যায়নি। একই সঙ্গে সম্ভাব্য সামরিক অভিযানের সময়সূচি বা পরিধি সম্পর্কেও নির্দিষ্ট করে কিছু জানাননি ট্রাম্প।

তথ্যসূত্র: গালফ নিউজ