বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও সুসংহত করলেন শি

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৯:০০ এএম

চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের জাঁকজমক ও আড়ম্বরকে নিজের বড় বিজয় হিসেবে উদ্‌যাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, চলতি বছরে অনুষ্ঠিত এমন তিনটি শীর্ষ বৈঠক থেকে যুক্তরাষ্ট্র বাস্তবে খুব সামান্যই অর্জন করতে পেরেছে; বরং এই সুযোগে বিশ্বমঞ্চে নিজের অবস্থান আরও সুদৃঢ় করেছেন চীনা নেতা সি চিন পিং।

চীনে অনুষ্ঠিত এই বৈশ্বিক আসর থেকে শি এমন এক রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন, যিনি ইতিহাসের প্রথম চীন-যুক্তরাষ্ট্র-রাশিয়া ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের আয়োজন করতে সক্ষম হয়েছেন এবং ওয়াশিংটনের কঠোর অবস্থান সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ভঙ্গুর বাণিজ্য যুদ্ধবিরতিকে ঠিক সেই অবস্থানে ঝুলিয়ে রেখেছেন, যেখানে বেইজিং এটিকে রাখতে চায়।

তাইওয়ানের ন্যাশনাল সান ইয়াত-সেন ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব চায়না অ্যান্ড এশিয়া-প্যাসিফিক স্টাডিজের পরিচালক কুও ইউ-জেন বলেন, চীনা কমিউনিস্ট পার্টি এবং শি জিনপিংয়ের মূল লক্ষ্যই ছিল বিষয়গুলোকে ঝুলিয়ে রাখা ও আলোচনা চালিয়ে যাওয়া আর তাঁরা সেই লক্ষ্যে সফল হয়েছেন।


গেলো বৃহস্পতিবারের এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের আগে প্রটোকল ভেঙে শেনঝেন বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান সি চিন পিং। বৈঠক শুরু হওয়ার আগেই এই অভ্যর্থনাকে ‘বড় জয়’ বলে অভিহিত করেন ট্রাম্প। বিমানবন্দরে দুই নেতার আলিঙ্গন এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে ইতিহাসের প্রথম ত্রিপক্ষীয় বৈঠকের আয়োজন করে সি মূলত নিজের ঐতিহ্য নির্মাণে আগ্রহী ট্রাম্পের মনস্তত্ত্বকেই কাজে লাগিয়েছেন। কিন্তু মূল বিষয়বস্তু বা বাস্তব ছাড় দেওয়ার ক্ষেত্রে সি ছিলেন অত্যন্ত রক্ষণশীল।

ট্রাম্প গণমাধ্যমকে জানিয়েছেন, শি জিনপিংয়ের সঙ্গে তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বাণিজ্য এবং হরমুজ প্রণালী দিয়ে তেল প্রবাহ নিয়ে আলোচনা হয়েছে। ওয়াশিংটনের মূল দাবি ছিল বেইজিং যেন আরও বেশি মার্কিন কৃষিপণ্য কেনে, গুরুত্বপূর্ণ শিল্পের জন্য অপরিহার্য দুর্লভ খনিজ (রেয়ার-আর্থ) রপ্তানির বিধিনিষেধ শিথিল করে এবং চীনে অন্যায়ভাবে আটক দুই মার্কিন নাগরিককে মুক্তি দেয়।

কিন্তু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে কেবল গত মে মাসে ঘোষিত ‘কৌশলগত স্থিতিশীলতার গঠনমূলক সম্পর্ক’ গড়ার একটি কর্মপরিকল্পনা তৈরির সম্মতির কথা বলা হলেও কোনো সময়সীমা বা বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। বেইজিংয়ের বিবৃতিতে বাণিজ্য যুদ্ধবিরতি, কৃষিপণ্য কেনার প্রতিশ্রুতি, দুর্লভ খনিজ, চিপ নিয়ন্ত্রণ, মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া কেলেঙ্কারি, আটক মার্কিন নাগরিক কিংবা ইরানের কোনো উল্লেখই ছিল না।

তথ্য বলছে, চীন ২০২৬ সালের জন্য নির্ধারিত সয়াবিন কেনার প্রতিশ্রুতি পূরণের পথে থাকলেও অন্যান্য প্রতিশ্রুত কৃষিপণ্যের সামান্য অংশই কিনেছে।

গত বছর বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার আগের তুলনায় দুর্লভ খনিজের চালান এখনো অনেক কম এবং আটক দুই মার্কিন নাগরিকের কেউই মুক্তি পাননি। উল্টো চীনা বিবৃতি অনুযায়ী, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘সঠিক কাজটি করে যাওয়ার’ জন্য নিজের প্রধান দাবি জোরালোভাবে তুলে ধরেছেন সি চিন পিং, নচেৎ দ্বিপক্ষীয় সম্পর্কে বড় ধাক্কা লাগার সতর্কবার্তা দিয়েছেন তিনি।

ইউরেশিয়া গ্রুপ থিঙ্কট্যাংকের চীন বিষয়ক পরিচালক ড্যান ওয়াং বলেন, তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান এবং প্রযুক্তি নিষেধাজ্ঞা শিথিল করাসহ চীন অতিরিক্ত কৌশলগত পরিসর নিশ্চিত করেছে। কৌশলগত দিক থেকে যুক্তরাষ্ট্র আসলেই কিছুই অর্জন করেনি।

অন্যদিকে, ট্রাম্পের আগ্রহে অনুষ্ঠিত সি ও পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক থেকে ‘শান্তির পথে ঘোষণা’ শিরোনামে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছে, বিশ্লেষকেরা সেটিকে অস্পষ্ট বলে বর্ণনা করেছেন এবং এটি সি চিন পিংকেই বৈশ্বিক বিষয়াবলি পরিচালনার কেন্দ্রীয় শক্তি হিসেবে তুলে ধরেছে।

এদিকে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং মার্কিন গোয়েন্দাদের চোখে ‘চীনা গুপ্তচর’ হিসেবে চিহ্নিত এক নারীর সঙ্গে সম্পর্কের জেরে চলতি মাসে পদত্যাগ করার পর ট্রাম্প প্রশাসন চীনে এআই চিপ রপ্তানির সব ফাঁকফোকর বন্ধ করতে তৎপর হয়েছে।


ট্রাম্প-শি বৈঠকের দিনই এনভিডিয়ার মতো কোম্পানির উন্নত এআই চিপে চীনের প্রবেশাধিকার আরও সীমিত করার একটি মার্কিন বিধি কার্যকর হয়েছে।

এছাড়া মার্কিন কোম্পানিগুলো চীনা এআই মডেল ব্যবহার করলে তা প্রকাশের বাধ্যবাধকতা আরোপের বিষয়টিও বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি মার্কিন কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতারাও চীনের মহাকাশ খাতে বিনিয়োগ সীমিত করা এবং চীনের স্বাভাবিক বাণিজ্য মর্যাদা বাতিলের উদ্যোগ নিচ্ছেন।

বিশ্লেষকদের মতে, বেইজিং এসব নিষেধাজ্ঞার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করলেও মার্কিন দাবি মেটাতে কোনো তাড়াহুড়ো করছে না।

বেইজিংভিত্তিক থিঙ্কট্যাংক গ্লোবাল গভর্ন্যান্স ইনস্টিটিউটের কর্মকর্তা ও চীনের সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয় কর্মকর্তা শেন ওয়েইঝং বলেন, চীনেরা তাদের শিক্ষা নিয়েছে: তারা এক সঙ্গে সব প্রতিশ্রুতি পূরণ করবে না, বরং ধাপে ধাপে এগোবে। ছাড় দেয়ার বিষয়টি হাতে ধরে রাখলে ওয়াশিংটন কঠোর হলে তা দর-কষাকষির হাতিয়ার হিসেবে কাজ করবে বলে মনে করে বেইজিং।

আগামী মাসে মায়ামিতে অনুষ্ঠিতব্য জি-২০ শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে চলতি বছরের চতুর্থ বৈঠক হওয়ার কথা রয়েছে এবং সেখানেই আগামী ১০ জানুয়ারি মেয়াদ শেষ হতে যাওয়া বাণিজ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বেইজিংভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ট্রিভিয়াম চায়নার পরিচালক ইভেন রজার্স পে মনে করেন, সাম্প্রতিক মার্কিন মধ্যবর্তী নির্বাচন ও জেনসেন হুয়াং কেলেঙ্কারির প্রেক্ষাপটে সম্পর্ককে একটি স্থিতিশীল অবস্থানে ধরে রাখাটাই গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে শেন ওয়েইঝংয়ের মতে, বছরের চতুর্থ বৈঠকেও জাঁকজমকই বেশি থাকবে, বড় কোনো অগ্রগতির চেয়ে স্থিতিশীলতা বজায় রাখাই হবে মূল লক্ষ্য।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে তিনি দেশটিতে হামলার অনুমোদন দিতেন কি না—এমন প্রশ্নের সরাসরি উত্তর দিতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। রয়টার্স ও এএফপির...
রিপাবলিকান-নেতৃত্বাধীন নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ বা ‘রিডিস্ট্রিক্টিং’-এর জোরালো প্রচেষ্টা সত্ত্বেও চলতি নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সংখ্যক নতুন...
চীনে অনুষ্ঠিত ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই মন্তব্যের কড়া জবাব দিয়ে ইউক্রেনের...
ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত আগামী বছর পর্যন্ত পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে চলতি মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের...
গত দুই দিনের বৃষ্টির পর রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা কিছুটা কমেছে। তবে এখনো শহরটির বাতাস সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১১৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৪তম।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে বাহরাইনের একটি বেসামরিক শিল্প স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। এতে স্থাপনাটিতে আগুন ধরে যায়। তবে প্রাথমিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গত মে মাসে জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার যে আহ্বান জানিয়েছিলেন, দেশবাসী তাতে সাড়া দেয়ায় মূল্যবান এই ধাতুটির দাম এখন কমে এসেছে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...
এশিয়া কাপ রাইজিং স্টার্সে আফগানিস্তান ‘এ’ দলকে এক উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের শেষ মুহূর্তে পরপর চার ও ছক্কা হাঁকিয়ে দলের জয় এনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর