হরমুজে মাইনের আঘাতে দুটি ট্যাংকারে বিস্ফোরণ

হরমুজ প্রণালীর অননুমোদিত বা নিষিদ্ধ রুট ব্যবহার করে চলাচলের সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে। বুধবার, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) নৌবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির বিবৃতিতে জানানো হয়, বুধবার ভোরে হরমুজ প্রণালীর দক্ষিণ ও পূর্ব উপকূলের অদূরে নিয়ম ভঙ্গকারী ওই দুটি তেলবাহী ট্যাংকার নৌ-মাইনের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্যাংকার দুটির ইঞ্জিন রুমে ভয়াবহ আগুন ধরে যায়।

বিবৃতিতে আরও বলা হয়, তেলবাহী ট্যাংকার দুটি ভেবেছিল যে তারা হরমুজ প্রণালীর একটি ভুয়া বা অননুমোদিত রুট ব্যবহার করে গোপনে পার হয়ে যাবে; কিন্তু সমুদ্রে পাতা নৌ-মাইন তাদের পথরোধ করে এবং এর ফলে প্রচণ্ড বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনার পর আইআরজিসি নৌবাহিনীর হরমুজ প্রণালী ট্রাফিক কন্ট্রোল সেন্টার থেকে সব জাহাজের নাবিক ও ক্রুদের প্রতি সতর্কবার্তা জারি করা হয়েছে। বিশেষ করে যেসব জাহাজ তাদের নেভিগেশন ও পজিশনিং ব্যবস্থা বন্ধ রেখে চলাচল করছে, তাদের সতর্ক করে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তাদের মিথ্যা আশ্বাসে প্রলুব্ধ হয়ে যেন তারা নিজেদের নৌ-মাইনের বিস্ফোরণ ও আগুনের মুখে ঠেলে না দেয়।

তথ্যসূত্র: ইরনা নিউজ এজেন্সি