মার্কিন নিষেধাজ্ঞা ইরানকে কতটা গভীরভাবে আঘাত হানছে?

বড় তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আরও তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে ইরান।

শীত থেকে বাঁচতে গায়ে নীল জ্যাকেট চাপিয়ে, অল্প আলোয় টেবিল ল্যাম্পের নিচে বসে কাগজপত্র দেখছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জ্বালানি সংকট দেশের ভঙ্গুর অর্থনীতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করায় লাখ লাখ ইরানির প্রতি বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানাচ্ছেন তিনি।

তেহরানের পাস্তুর স্ট্রিটে অবস্থিত প্রেসিডেন্টের দপ্তরে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিকে দেওয়া এক টিভি সাক্ষাৎকারে ঝাড়বাতিগুলো নিভিয়ে রাখা হয় এবং দিনের আলো ঢোকার জন্য পর্দা সরিয়ে দেয়া হয়।

বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের একটি অংশের নিয়ন্ত্রণ রয়েছে তেহরানের হাতে, আর প্রমাণিত তেলের মজুদের দিক থেকে দেশটির অবস্থান বিশ্বে তৃতীয়। তবু রোববার থেকে কর্তৃপক্ষ প্রতিদিন প্রায় দুই ঘণ্টা করে পালাক্রমে লোডশেডিং চালু করায় এখন লাখ লাখ ইরানিকে বিদ্যুৎ রেশনিং করতে হচ্ছে।

যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের দাবি মানতে বরাবরই অস্বীকৃতি জানিয়ে আসছে ইরান, যা বর্তমানে এক অচলাবস্থায় রয়েছে। কিন্তু ইরানি বন্দরগুলোর ওপর কয়েক মাস ধরে চলা মার্কিন নৌ-অবরোধ, যার সঙ্গে যুক্ত হয়েছে কড়া নিষেধাজ্ঞা এবং ইরানের জ্বালানি অবকাঠামোয় হামলা, দেশটির অর্থনীতিকে টলিয়ে দিয়েছে, আর ক্রমবর্ধমান জ্বালানি সংকটের মাঝে সামনে এসে দাঁড়িয়েছে এক প্রচণ্ড শীত।

তাহলে মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধ ইরানের অর্থনীতিতে কতটা গভীর ক্ষত তৈরি করছে?

Iran Crisis 04
ইরানের জ্বালানি সংকট কতটা তীব্র?

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরান এবং দেশজুড়ে পারমাণবিক স্থাপনায় হামলার আগেই গ্যাস ঘাটতি ও বিদ্যুৎ বিভ্রাটে ভুগছিল ইরান। এরপর থেকে চালানো হামলাগুলোতে অন্যান্য জ্বালানি, সামরিক ও বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে।

মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি গত সপ্তাহে সতর্ক করেছেন, আগের বছরগুলোর দৈনিক প্রায় ৩০ কোটি ঘনমিটার ঘাটতির তুলনায় এ শীতে ইরানের গ্যাস ঘাটতি দৈনিক ৪৩ কোটি ঘনমিটারে পৌঁছাতে পারে।

ন্যাশনাল ইরানিয়ান গ্যাস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাঈদ তাভাকোলি চলতি মাসে জানিয়েছেন, এ বছরের শুরুতে সংঘাতের প্রথম ধাপে চারটি প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় শুরুতে উৎপাদন সক্ষমতা ২৩ কোটি ঘনমিটার কমে গিয়েছিল, যার মধ্যে প্রায় ১০ কোটি ঘনমিটার এখনো পর্যন্ত পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।

গত সপ্তাহে কোম্পানিটি সতর্ক করে জানিয়েছে, ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ১১টিতে এই শীতে সরবরাহে জটিলতা দেখা দিতে পারে; বিশেষ করে কাস্পিয়ান সাগর তীরবর্তী মাজানদারান এবং তুর্কমেনিস্তান সীমান্ত লাগোয়া গোলিস্তান ও উত্তর খোরাসান প্রদেশে এই ঝুঁকি বেশি।

‘দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ খাত রোববার থেকে বিতরণে সীমাবদ্ধতা আরোপ করতে বাধ্য হবে’, লোডশেডিংয়ের ঘোষণা দেওয়ার সময় রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেছেন ইরানের জাতীয় বিদ্যুৎ কোম্পানি তাভানিরের প্রধান মোহাম্মদ আল্লাহদাদ।

Iran Crisis 03
যুদ্ধ ইরানের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় কীভাবে প্রভাব ফেলেছে?

ইরানে শত শত বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যেগুলো মিলে মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ বিদ্যুৎ ব্যবস্থা গড়ে তুলেছে এবং ৯ কোটি ২০ লাখ মানুষের কাছে বিদ্যুৎ সরবরাহ করে।

পেজেশকিয়ান আইএসএনএ সংবাদ সংস্থাকে বলেছেন, দেশের গ্যাস অবকাঠামোয় হামলার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, তাই এই শীতে আমাদের অসুবিধার জন্য প্রস্তুত থাকা উচিত।

আলাদাভাবে, ২১ নভেম্বর বিনিয়োগকারী ও উৎপাদনকারীদের এক সমাবেশে পেজেশকিয়ান বলেন, ইরান এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি, যা ‘ক্ষেপণাস্ত্রের যুদ্ধের চেয়েও কঠিন’, রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এমনটি জানিয়েছে।

ইরানের বিদ্যুৎ গ্রিড নিয়ে আল জাজিরার এক বিশ্লেষণে দেখা গেছে, দেশটির প্রায় ৮৬ শতাংশ বিদ্যুৎ সাধারণত প্রাকৃতিক গ্যাস থেকে উৎপাদিত হয়। প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে গেলে, বিশেষ করে শীতের চাহিদার তুঙ্গে, কিছু গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র ডিজেল বা ফুয়েল অয়েলে চলে যায়।

তেলচালিত কেন্দ্রগুলো তুলনামূলক কম অংশ জুড়ে রয়েছে, যা দেশের বিদ্যুতের প্রায় ৭ শতাংশ জোগান দেয়। জলবিদ্যুতের অবদান প্রায় ৫ শতাংশ। আর পারমাণবিক শক্তির অবদান প্রায় ২ শতাংশ, যা মূলত আসে ইরানের একমাত্র সক্রিয় পারমাণবিক চুল্লি বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে।

এর আগে আগস্ট মাসে ইরানের জ্বালানিমন্ত্রী আব্বাস আলিয়াবাদি সাংবাদিকদের জানিয়েছিলেন, যুদ্ধসংশ্লিষ্ট হামলায় ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোর ৪ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা নষ্ট হয়েছে এবং মেরামতের কাজ চলছে। তবে কেন্দ্রগুলো সচল রাখার জ্বালানির ঘাটতিও আরও প্রকট হচ্ছে।

জার্মানির ফিলিপস-ইউনিভার্সিটি মারবুর্গের অধ্যাপক ও ইরানি অর্থনীতিবিদ মোহাম্মদ রেজা ফারজানেগান বলেন, এই যুদ্ধগুলোর আগেও ইরানে জ্বালানির ভারসাম্যহীনতা একটি গুরুতর সমস্যা ছিল।

তিনি বলেন, ভর্তুকি দেওয়া দামের কারণে বাড়তি জ্বালানি ব্যবহার, অপচয়, অদক্ষতা ও অব্যবস্থাপনার সঙ্গে তাল মিলিয়ে জ্বালানি উৎপাদন বাড়ানো যায়নি, কারণ নিষেধাজ্ঞার কারণে বিনিয়োগের অভাব ছিল, আর এখন যুক্ত হয়েছে যুদ্ধ।

বর্তমান যুদ্ধের আগের বছরগুলোতে ফারজানেগান ইরানের দীর্ঘস্থায়ী জ্বালানি নিরাপত্তাহীনতার মূল কারণ হিসেবে খণ্ডিত শাসনব্যবস্থা, কাঠামোগত অদক্ষতা এবং দামের বিকৃতিকে চিহ্নিত করেছিলেন।

রাজনীতিকদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ চলাকালে শিল্প উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ ঘাটতির কারণে প্রায় ৬ লাখ মানুষ চাকরি হারিয়েছেন।

সংসদ সদস্য নাসরুল্লাহ পেজমানফার ২১ নভেম্বর খানেহ মেল্লাত নিউজ এজেন্সি (আইসিএএনএ)-কে বলেছেন, প্রাকৃতিক গ্যাসের ঘাটতি অব্যাহত থাকলে ১০ লাখের বেশি কর্মী চাকরি হারাতে পারেন।

Iran Crisis 02
মার্কিন চাপে ইরানের অর্থনীতি কেমন চলছে?

ট্রাম্প প্রশাসন দাবি করছে, ইরানের সঙ্গে ব্যবসা করা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে অর্থনীতিকে শ্বাসরোধ করার জন্য নেওয়া তাদের 'অপারেশন ইকোনমিক আউটকাস্ট' পদক্ষেপ অনড় তেহরানকে ছাড় দিতে বাধ্য করবে। ইরান নিজেই কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নিষেধাজ্ঞার শিকার। বাস্তব মাঠে এর ফলে লাখ লাখ ইরানির জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠেছে।

স্ট্যাটিস্টিক্যাল সেন্টার অব ইরানের তথ্য অনুযায়ী, ইরানি বর্ষপঞ্জির সপ্তম মাস মেহর (২৩ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর)-এ ইরানের ১২ মাসের গড় বার্ষিক মুদ্রাস্ফীতির হার ছিল ৭৬.৮ শতাংশ। পয়েন্ট-টু-পয়েন্ট মুদ্রাস্ফীতি, যা ওই মাসকে আগের বছরের একই মাসের সঙ্গে তুলনা করে- ছিল ৮৮.৭ শতাংশ।

নিত্যপ্রয়োজনীয় পণ্যে কয়েক মাস ধরেই তিন অঙ্কের মুদ্রাস্ফীতি চলছে; কেন্দ্রটির তথ্য অনুযায়ী, অক্টোবরে খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্যে বছরওয়ারি মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে ১১৩.৪ শতাংশে।

অর্থনীতিবিদ ফারজানেগান যোগ করেন, ২০২৫ সালেও ইরানের প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) শূন্য শতাংশের সামান্য নিচে ছিল; তার তুলনায় ২০২৬ সালে তা বড় ধরনের নেতিবাচক প্রবৃদ্ধির (প্রায় -৭ শতাংশ) মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

তিনি বলেন, ইরান-ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর এটিই ইরানের অর্থনীতির সবচেয়ে তীব্র সংকোচন, এবং ২০১২ সালের পরের নিষেধাজ্ঞা পর্বগুলোর চেয়েও এটি বেশি পতনের ইঙ্গিত দেয়। তাঁর মতে, এর কারণ হলো শারীরিক বাণিজ্য নিষেধাজ্ঞার সঙ্গে আরও তীব্র নিষেধাজ্ঞা, যুদ্ধের ক্ষয়ক্ষতি এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক অনিশ্চয়তা ও উচ্চ ব্যবসায়িক ঝুঁকি।

ইরানি বন্দরগুলোর ওপর চলমান মার্কিন নৌ-অবরোধ তেলের রাজস্বে আঘাত হেনেছে উল্লেখ করে ফারজানেগান বলেন, এর ফলে সরকার এখন "বাজেট ঘাটতির মুখে পড়েছে; কারণ রাজস্ব কমলেও সরকারি ব্যয় আনুপাতিক হারে কমেনি, উদাহরণস্বরূপ, এমন রাজনৈতিক পরিস্থিতিতে বড় জ্বালানি ভর্তুকি কমানো বা কর রাজস্ব বাড়ানো কঠিন"।

Iran Crisis 01
জ্বালানি সংকট মোকাবিলায় কী করছে ইরান?

বিশ্লেষকদের মতে, নিষেধাজ্ঞা শিথিল না হলে এবং বৈশ্বিক বিনিয়োগ ও অর্থায়নে পুনরায় প্রবেশাধিকার না পেলে ইরানের করার খুব বেশি কিছু নেই।

গত সপ্তাহে পেজেশকিয়ানসহ কয়েকজন ইরানি কর্মকর্তা বলেছিলেন, এ শীতে লোডশেডিং ঠেকাতে সরকার কাজ করছে। তবু এই সপ্তাহেই লোডশেডিংয়ের ঘোষণা এসেছে।

ফারজানেগান বলেন, তেহরানে প্রেসিডেন্টের দপ্তরের আলো নিভিয়ে পেজেশকিয়ান প্রতীকী বার্তা দিতে পারেন বটে, কিন্তু রোববার থেকে শুরু হওয়া দুই ঘণ্টার লোডশেডিং হয়তো যথেষ্ট নয়। তিনি যোগ করেন, অবরোধ চলতে থাকলে এই মুদ্রাস্ফীতির চাপ আরও বাড়বে। ভোক্তাদের আচরণে পরিবর্তন জ্বালানি সাশ্রয়ে সহায়ক হলেও, তাঁর মতে, "ওই আচরণের আসল চালিকাশক্তি হলো জ্বালানির খরচ।

জ্বালানির ভারসাম্যহীনতা দূর করতে ইরানকে উৎপাদনের জ্বালানি-নিবিড়তা কমাতে হবে, যার জন্য যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার, অর্থায়নের সুযোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন ফারজানেগান। এরপর ভর্তুকি সংস্কারের পাশাপাশি নতুন উৎপাদন ও ব্যবহার প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে জ্বালানি ব্যবহারের দক্ষতা বাড়াতে হবে বলেও উল্লেখ করেন তিনি।