ভয়াবহ হামলায় দুই পা হারালেন অস্ট্রেলীয় নারী এমপি

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আঞ্চলিক শহর ওয়াঙ্গারাতায় নিজের নির্বাচনি কার্যালয়ের বাইরে এক পরিকল্পিত গাড়ি হামলার শিকার হয়ে মেলবোর্নের হাসপাতালে চিকিৎসাধীন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) হেলেন হেইনস নিজের দুটি পা-ই হারিয়েছেন।

তাঁর স্বামী ফিল হেইনস এ খবর নিশ্চিত করে জানান, এই ভয়াবহ দুর্ঘটনাই তাঁর স্ত্রীর জীবনের ওপর বড় প্রভাব ফেললেও মানসিক ও আত্মিকভাবে তিনি অত্যন্ত শক্ত ও দৃঢ় অবস্থানে রয়েছেন।

Aussi MP 02
মেলবোর্নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিল হেইনস বলেন, পুনরুদ্ধার ও সুস্থতার পথটি দীর্ঘ ও অত্যন্ত কঠিন হবে। তবে হেলেন একজন লড়াকু মানসিকতার মানুষ। আমাদের ভালোবাসা ও সবার সমর্থনে তিনি নিশ্চিতভাবেই ঘুরে দাঁড়াবেন। তিনি চিকিৎসাকর্মীসহ বিশ্বজুড়ে শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমর্থনের চিহ্ন হিসেবে ‘সেভ দ্য চিলড্রেন’ তহবিলে অনুদান দেওয়ার আহ্বান জানান।

ঘটনার সাথে অভিযুক্ত ৪৩ বছর বয়সী টয়োটা ল্যান্ডক্রুজার চালক ব্রেন্ডন নিউজেন্টকে প্রাথমিক গ্রেপ্তারের পর বুধবারে স্থানীয় আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে গুরুতর শারীরিক ক্ষতিসাধন এবং সরকারি কর্মকর্তার ওপর হামলার অভিযোগসহ তিনটি ধারায় মামলা করা হয়েছে। ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সাথে সাথে অভিযুক্তের বিরুদ্ধে 'হত্যার চেষ্টা'র নতুন ধারা যুক্ত করা হতে পারে। নিউজেন্ট আদালতে জামিনের আবেদন করেননি এবং আগামী ফেব্রুয়ারিতে আবার তাকে আদালতে হাজির করা হবে।

Aussi MP 03
পুলিশ কর্মকর্তা মাইক বুশ জানান, এটি একটি সুপরিকল্পিত হামলা ছিল বলেই অভিযোগ পাওয়া গেছে এবং এই হামলার মূল উদ্দেশ্য বা মোটিভ উদঘাটন করাই এখন তদন্তের প্রধান লক্ষ্য। পুলিশ খতিয়ে দেখছে কোনো মাদক বা মানসিক ব্যাধির প্রভাব ছিল কি না। আদালতে আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন যে অভিযুক্ত ব্যক্তি বিরল স্নায়বিক ব্যাধি 'ইডিওপ্যাথিক ট্রান্সভার্স মায়াইলাইটিস'-এ ভুগছেন এবং তাঁর মানসিক স্বাস্থ্যসংক্রান্ত জটিলতা রয়েছে।

আইনপ্রণেতা হিসেবে হেলেন হেইনস ২০১৯ সাল থেকে অত্যন্ত সুপরিচিত ও সর্বজনশ্রদ্ধেয় একজন প্রতিনিধি। অস্ট্রেলিয়ার মতো দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনা বিরল হওয়ায় এই নজিরবিহীন হামলায় পুরো রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষ স্তব্ধ হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ সহ সকল রাজনৈতিক দলের নেতারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এমপিদের সার্বিক নিরাপত্তা পর্যালোচনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি