পাকিস্তানে একটি আঞ্চলিক পুলিশ সদর দপ্তর এবং দুইটি সেনা চেকপোস্টে জঙ্গি হামলায় চার সেনা এবং তিন জঙ্গি নিহত হয়েছেন। শুক্রবার ভোরে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ হামলা চালিয়েছে জঙ্গিরা।
নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার ভোরে এ হামলা চালায় জঙ্গিরা। এসময় পাল্টাপাল্টি গোলাগুলিতে আরও আট সেনা আহত হয়েছেন। খবর এপি’র।
একই অঞ্চলে এক আত্মঘাতী বোমা হামলাকারী একটি থানার প্রধান ফটকে একটি গাড়ি বিস্ফোরণ ঘটানোর তিনদিন পর এই হামলার ঘটনা ঘটলো। ওইদিনের বিস্ফোরণ ও গোলাগুলির ঘটনায় ২৩ সেনা নিহত হন, যা চলতি বছরে সেনাদের ওপর করা সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।
স্থানীয় পুলিশ প্রধান ইফতিখার শাহ জানান, ডেরা ইসমাইল খানের ট্যাঙ্ক শহরে পুলিশ সদর দপ্তরে হামলায় দুই পুলিশ কর্মকর্তা ‘শহীদ’ এবং অন্য তিনজন আহত হয়েছেন। এসময় দুই হামলাকারীও নিহত হয়েছে। পাশের একটি সেনা পোস্টে হামলার সময় সেনাদের হাতে তৃতীয় জঙ্গি নিহত হয় বলেও জানান তিনি।
স্থানীয় পুলিশ কর্মকর্তা সেলিম খান জানান, এ ঘটনার কয়েক ঘণ্টা পরই আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর-পশ্চিম খাইবার অঞ্চলে একটি সামরিক চৌকিতে হামলা চালায় পাকিস্তানি তালেবানরা। এতে দুই সেনা নিহত এবং আরও পাঁচজন আহত হয়।
তাৎক্ষণিকভাবে এ হামলার দায় স্বীকার করেনি কেউ। তবে পাকিস্তানি তালেবান, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
এর আগে, মঙ্গলবার গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছিল জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান, যা টিটিপির একটি শাখা বলে মনে করা হয়।