পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আনুষ্ঠানিকভাবে সরকার গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে শুক্রবার। স্থানীয় সময় সকাল ১০টায় নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণের মধ্য দিয়ে এ প্রক্রিয়া শুরু হবে।
বুধবার পাঞ্জাবের গভর্নর বালিগ উর রহমান প্রাদেশিক পরিষদের নতুন অধিবেশন আহ্বান করেছেন। গত ৮ ফেব্রুয়ারি জাতীয় পরিষদের পাশাপাশি পাকিস্তানের পাঁচটি প্রাদেশিক পরিষদেও ভোট হয়েছিল। এই পাঁচটি প্রদেশের মধ্যে পাঞ্জাবেই প্রথম অধিবেশন আহ্বান করা হলো। বৃহস্পতিবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ খবর জানিয়েছে।
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশটির ১৮তম এই অধিবেশনে নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন বিদায়ী স্পিকার সিবতাইন খান।
লাহোরে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) নির্বাচিত সদস্যদের সংসদীয় বৈঠকের একদিন পরেই পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনের এ ঘোষণা আসে।
দলীয় সূত্র থেকে জানা যায়, সভায় ২১৮ জন সদস্য অংশ নিয়েছিলেন যার মধ্যে পিএমএল-এনের ১৩৭ জন সদস্য। এই প্রদেশেই সবচেয়ে বেশি আসন পেয়েছে পিএমএল-এন। সংরক্ষিত আসনের জন্য মনোনীত ৫৮ জন নারী ও ২২ স্বতন্ত্র সদস্য উপস্থিত ছিলেন। সরকার গঠনের জন্য পিএমএল-এনের ১৮৬ সদস্যের প্রয়োজন ছিল।
এরই মধ্যে, প্রাদেশিক সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দলের পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন মরিয়ম নওয়াজ। ক্ষমতায় গেলে তিনিই হবেন পাকিস্তানের সাত দশকের ইতিহাসে প্রথম মহিলা মুখ্যমন্ত্রী।