কলকাতা বিমানবন্দরে রানওয়েতে দাঁড়িয়ে থাকা দুইটি বিমানের ডানায় ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়ার দুই উড়োজাহাজের মধ্যে এ ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও বিমান দুইটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
কলকাতা বিমানবন্দর সূত্রে জানা যায়, ইন্ডিগো বিমানটি রানওয়েতে প্রবেশের জন্য ছাড়পত্রের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা এয়ার ইন্ডিয়ার বিমানকে ধাক্কা মারে। দুইটি বিমানের সংঘর্ষের ফলে এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো বিমানের দুইটি ডানা ক্ষতিগ্রস্ত হয়েছে। রানওয়েতে দুইটি বিমান বিপজ্জনকভাবে একে অপরের কাছাকাছি এসে যাওয়ায় এ ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।
বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিমান আইএক্স ১৮৬৬ চেন্নাই যাওয়ার জন্য তৈরি হচ্ছিলো । এ বিমানে ১৬৩ জন যাত্রী ও ৬ জন কেবিন ক্রু ছিলেন। বিমানটি সবে তখন বে নম্বর থেকে রানওয়ের দিকে রওনা হয়। এদিকে সেই সময়েই ইন্ডিগোর সিক্স ই ৬১৫২ বিমানটি কলকাতা থেকে দারভাঙ্গার উদ্দেশ্যে উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলো। ওই বিমানে ৬ জন কেবিন ক্রুর সঙ্গে ছিলেন ১৪৯ জন যাত্রী।
পরে দুইটি বিমানের যাত্রীদেরই নামিয়ে আনা হয়েছে। তাদের অন্য বিমানে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বিমান নিয়ন্ত্রণ সংস্থা ডিজিসিএ উভয় উড়োজাহাজের চালককে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে। এছাড়া পুরো বিষয়টি তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।