ভারতে আবারও মানবদেহে বার্ড ফ্লু শনাক্তের কথা নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এ বছর ফেব্রুয়ারিতেই পশ্চিমবঙ্গে এ ভাইরাসে আক্রান্ত হয়েছিল চার বছর বয়সী এক শিশু।
মঙ্গলবার এ বিষয়টি নিশ্চিত করেছে ডব্লিউএইচও। এইচ৯এন২ ভাইরাসের কারণে বার্ড ফ্লু হয়ে থাকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ফেব্রুয়ারিতে প্রচণ্ড শ্বাস-প্রশ্বাসের সমস্যা, জ্বর ও পেটের ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছিল শিশুটি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘ তিনমাস চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পায় ওই শিশু।
ডব্লিউএইচও জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুটির বাড়ি ও এর আশপাশে পোল্ট্রি মুরগি ছিল। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই শিশুটি শরীরে প্রাণঘাতী এ ভাইরাস ছড়িয়েছে। শিশুটির পরিবার ও অন্যান্য সদস্যের মধ্যে কারও শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যার রেকর্ড নেই।
ভারতে এ নিয়ে দ্বিতীয় কোনও মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছে। এর আগে, ২০১৯ সালে দেশটিতে প্রথমবারের মতো এই রোগী পাওয়া যায়।
বিশ্বের বিভিন্ন অঞ্চলের পোল্ট্রিতে ভাইরাসটির উপস্থিতি রয়েছে। এই ভাইরাসে আরও অনেক মানুষ আক্রান্ত হতে পারে বলে ডব্লিউএইচও আশঙ্কা।
তবে, এ বিষয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে তারা রয়টার্সকে কোনও সাড়া দেয়নি।