ককরোচদের কর্মসূচি ঘিরে দিল্লিতে টানটান উত্তেজনা

শুক্রবার বিকেলে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ককরোচ জনতা পার্টি (সিজেপি) ঘোষিত প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে পুরো এলাকা। সিজেপির পক্ষ থেকে বিকেল ৫টায় হাতে জাতীয় পতাকা নিয়ে সাধারণ মানুষকে সেন্ট্রাল পার্কে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিও (আপ) তাদের কর্মী, সমর্থক ও সাধারণ জনগণকে এই জমায়েতে বিপুল সংখ্যায় যোগ দেওয়ার অনুরোধ জানিয়েছে।

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা এড়াতে দিল্লি পুলিশ বিশাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুরো এলাকায় প্রায় ৬ হাজার পুলিশ ও আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। নজরদারি জোরদার করতে অডিও এবং ভিডিও রেকর্ডিং সুবিধা সংবলিত অতিরিক্ত ৩০ থেকে ৩৫টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।

CJP Delhi Protest
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় কনট প্লেস ও তার আশপাশের এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারার অধীনে নিষেধাজ্ঞা (প্রহিবিটরি অর্ডার) জারি করেছে দিল্লি পুলিশ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনিক কারণ দেখিয়ে ১৬ ও ১৭ অক্টোবর সেন্ট্রাল পার্ক সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখার কথা জানিয়েছে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি)। তারা পুলিশকে নির্দেশ দিয়েছে যেন কেউ অবৈধভাবে পার্কে প্রবেশ করতে না পারে।

গোয়েন্দা তথ্যে সহিংসতা ও বিশৃঙ্খলার ইঙ্গিত থাকায় দিল্লি পুলিশ সবাইকে শান্ত থাকার এবং এই প্রতিবাদে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছে। পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে, জাতীয় পতাকা প্রদর্শনী এবং জাতীয় সংগীত গাওয়ার ক্ষেত্রে নির্ধারিত প্রোটোকল ও সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। পুলিশের আশ্বাস অনুযায়ী, আদালতের নিয়ম মেনে উপযুক্ত কোনো স্থানে নির্দিষ্ট ১১ জনের একটি দলকে জাতীয় পতাকা হাতে জাতীয় সংগীত গাওয়ার অনুমতি দেওয়া হতে পারে, যাকে 'তেরঙ্গা ১১' বলা হচ্ছে।

CJP Delhi Protest 1
এদিকে উৎসবের মৌসুমের এই বড় ধরনের প্রতিবাদের কারণে ব্যবসা-বাণিজ্যে ধস নামার আশঙ্কায় চরম উদ্বেগে রয়েছেন কনট প্লেস ও আশপাশের এলাকার ব্যবসায়ীরা। কেনাকাটার এই ব্যস্ত সময়ে নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি স্বাভাবিক বাণিজ্যিক কর্মকাণ্ড যেন ব্যাহত না হয়, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা।

অন্যদিকে শুক্রবার বিকেল ৩টা থেকে কনট প্লেস ও পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক যানজটের আশঙ্কা প্রকাশ করে ট্রাফিক পুলিশ বিশেষ বার্তা জারি করেছে। সংসদ মার্গ, বাবা খড়ক সিং মার্গ, পঞ্চকুয়ান রোড, বারাকাম্বা রোড, জনপথ, মিন্টো রোড এবং মান্ডি হাউসের মতো গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহন চলাচল ব্যাহত হতে পারে। চালকদের বিকল্প পথ ব্যবহার ও সাধারণ মানুষকে গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনসম্পত্তি সুরক্ষায় সবাইকে আইন মেনে চলার জন্য বারবার উদাত্ত আহ্বান জানাচ্ছে দিল্লি পুলিশ।

তথ্যসূত্র: এনডিটিভি