দীর্ঘ প্রায় দুই মাসের কারাবাস শেষে অবশেষে মুক্তি পেলেন পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন ডা. উজমা খান এবং নওরিন নিয়াজি। বর্ধিত আটকাদেশ প্রত্যাহার করে নেয়ার পর বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাঁদের মুক্তি দেয়া হয়। তবে তাঁদের আরেক বোন আলিমা খান এখনো কারাগারেই রয়েছেন।
পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ডন’-কে পিটিআইয়ের আইনজীবী রানা মুদাসসির উমর বৃহস্পতিবার নিশ্চিত করেছেন, বর্ধিত আটকাদেশ প্রত্যাহার করে নেয়ার পর কোট লাখপত কারাগার থেকে ডা. উজমা খান এবং নওরিন নিয়াজিকে মুক্তি দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, মুক্তি পাওয়ার পর তাঁরা দুজনই নিরাপদে বাড়িতে ফিরে এসেছেন।
পিটিআইয়ের আরেক আইনজীবী তৈমুর মালিক এক্সে দেেয়া বার্তায় এই আটকাদেশকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বলেন, জনশৃঙ্খলা রক্ষা অধ্যাদেশের অধীনে দেয়া আটকাদেশ প্রত্যাহারের পরই তাঁদের মুক্তি মিলেছে। একই সঙ্গে এই আইনে আটক অন্যান্য রাজনৈতিক বন্দীদেরও অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান তিনি।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে পিটিআই ইসলামাবাদ অভিমুখে প্রতিবাদ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় লাহোরের ডেপুটি কমিশনারের (ডিসি) নির্দেশে ইমরান খানের তিন বোন- নওরিন, আলিমা এবং উজমাকে পাঞ্জাব মেইনটেন্যান্স অব পাবলিক অর্ডার অর্ডিন্যান্সের আওতায় গ্রেপ্তার করা হয়েছিল।
শুরুতে তাঁদের ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়। গত মাসে সেই ৩০ দিনের মেয়াদ শেষ হওয়ার পর লাহোর হাইকোর্টে তাঁদের আটকাদেশকে চ্যালেঞ্জ করা হলে পাঞ্জাব সরকার আদালতকে জানায় যে, তাঁদের আটকাদেশ আরও ৩০ দিনের জন্য বাড়ানো হয়েছে।
কারাবন্দী থাকা অবস্থায় গত ২৮ অক্টোবর উচ্চ রক্তচাপজনিত কারণে নওরিন নিয়াজিকে কোট লাখপত কারাগার থেকে পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে (পিআইসি) স্থানান্তর করা হয়েছিল। সে সময় পরিবারকে না জানিয়ে হাসপাতালে নেয়ায় এবং তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে তীব্র উদ্বেগ ও নিন্দা জানিয়েছিল পিটিআই। তবে পরদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা রানা সানাউল্লাহ সিনেটে দাবি করেন, চিকিৎসার পর নওরিন সুস্থ আছেন এবং তাঁর সব মেডিকেল রিপোর্ট স্বাভাবিক রয়েছে।
উজমা ও নওরিন মুক্তি পেলেও ইমরান খানের অপর বোন আলিমা খান, যাকে তিন বোনের মধ্যে সবার আগে গ্রেপ্তার করা হয়েছিল, তিনি এখনো কারাবন্দী অবস্থায় রয়েছেন।