তিন দিনের ভারতে প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট

জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং তরুণ নেতৃত্বকে উৎসাহিত করার মূল এজেন্ডা নিয়ে তিন দিনের সরকারি সফরে ভারতে এসে পৌঁছেছেন যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট। ব্রিটিশ হাই কমিশনের তথ্য অনুযায়ী, সোমবার ভারতে এসে পৌঁছানোর মধ্য দিয়ে এটি ব্রিটিশ রাজদম্পতির দ্বিতীয় আনুষ্ঠানিক ভারত সফর। এর আগে তাঁরা ২০১৬ সালে প্রথমবার ভারত ও ভুটান সফরে এসেছিলেন।

ভারত সফরকালে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন বেশ কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে অংশ নেবেন। তাঁদের এই তিন দিনের কর্মসূচির শুরু হচ্ছে মঙ্গলবার মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘২০২৬ আর্থশট প্রাইজ’ অনুষ্ঠান দিয়ে। মুম্বাইয়ের জমকালো এই আসর শেষে তাঁরা রাজধানী নয়াদিল্লিতে যাবেন, যেখানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁদের সাক্ষাতের কথা রয়েছে।

এই রাজকীয় সফর সম্পর্কে ভারতের ভারপ্রাপ্ত ব্রিটিশ হাই কমিশনার বেন মেলর বলেন, গত বছর যখন দুই দেশের প্রধানমন্ত্রী মুম্বাইতে সাক্ষাৎ করেছিলেন, তখন তাঁরা ভবিষ্যতের উপযোগী একটি আধুনিক অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দিয়েছিলেন। ‘ভিশন ২০৩৫’-এর আওতায় প্রযুক্তি, বিনিয়োগ, পরিচ্ছন্ন শক্তি, শিক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিমধ্যে দারুণ ফল বয়ে আনছে। কেবল সরকারের মাধ্যমেই নয়, দুই দেশের সাধারণ মানুষের গভীর ব্যক্তিগত সম্পর্কের মধ্য দিয়েই যুক্তরাজ্য ও ভারতের অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রিন্স উইলিয়াম কর্তৃক প্রবর্তিত ‘আর্থশট প্রাইজ’ বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, বায়ু দূষণ, বর্জ্য ব্যবস্থাপনা, মহাসাগর সংরক্ষণ এবং জীববৈচিত্র্য হ্রাসের মতো বড় বড় পরিবেশগত সমস্যার অভিনব ও যুগান্তকারী সমাধান খুঁজে বের করা উদ্যোগগুলোকে পুরস্কৃত করে থাকে। প্রতিবছর এই পুরস্কারের বিজয়ী পাঁচ জন প্রজেক্টকে তাদের কার্যক্রম এগিয়ে নিতে ১ মিলিয়ন পাউন্ড করে আর্থিক সহায়তা দেওয়া হয়।

তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস-এনডিটিভি