‘যেভাবে আছি সেখান থেকে হয়তো জীবিত ফিরবো না’

পাকিস্তানের আদিয়ালা কারাগারের নির্জন প্রকোষ্ঠ থেকে নিজের এবং স্ত্রী বুশরা বিবির জীবন বাঁচাতে ও সুচিকিৎসার দাবিতে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিদের উদ্দেশে আবেগঘন খোলা চিঠি লিখেছেন কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান।

সোমবার ফেডারেল কনস্টিটিউশনাল কোর্ট, সুপ্রিম কোর্ট এবং ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতিদের বরাবর লেখা এই চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশ করেন ইমরান খানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদার।

গত ২ ও ১১ নভেম্বর আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সালমান সফদার। চিঠির শুরুতে তিনি উল্লেখ করেন, ১১ নভেম্বরের সাক্ষাতে ইমরান খান তাঁকে নির্দেশ দিয়েছিলেন তাঁর এই কথাগুলো বিচারপতিদের কাছে পৌঁছে দিতে এবং চিঠির প্রতিটি শব্দ হুবহু সাবেক প্রধানমন্ত্রীরই।

Imran Khan 02
চিঠিতে নিজের ও স্ত্রীর ক্রমাবনতিশীল শারীরিক অবস্থার করুণ চিত্র তুলে ধরে ইমরান খান লেখেন, আমি সারাজীবন হাসপাতাল তৈরি করেছি যেন সামর্থ্যহীন মানুষ বিনামূল্যে চিকিৎসা পায়। আর আজ আমি শুধু নিজের এবং আমার স্ত্রীর চিকিৎসার জন্য আকুতি জানাচ্ছি।

নিজেকে কোনো সাবেক প্রধানমন্ত্রী বা দলীয় প্রধান হিসেবে নয়, বরং একজন সাধারণ নাগরিক হিসেবে উল্লেখ করে তিনি লেখেন, আমি পাকিস্তানকে আমার পুরো জীবন দিয়েছি। ক্রিকেটের মাঠে, সমাজ সেবায় এবং দেশের ২২তম প্রধানমন্ত্রী হিসেবে এই জাতির সেবা করেছি। ৭০ বছর বয়স পর্যন্ত আমার নামে একটিও ফৌজদারি মামলা ছিল না। কিন্তু ৭০ পেরোনোর পর শুরু হলো নজিরবিহীন ও নির্মম রাজনৈতিক প্রতিহিংসা, অসংখ্য মামলা, আদালতে শতাধিকবার হাজিরা এবং হত্যাচেষ্টা, যা থেকে আল্লাহর রহমতে বেঁচে গেছি। তবুও আমি আইনের পথ বেছে নিয়েছিলাম।

তোশাখানা-২ মামলায়  ইমরান ও বুশরাকে ১৭ বছরের কারাদণ্ড দেয়ার পর থেকেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। ইমরান লেখেন, আমাকে বাইরের পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দিনে ২২ ঘণ্টা পর্যন্ত অমানবিক নির্জন কারাবাসে রাখা হয়েছে। পরিবার, আইনজীবী, ছেলেদের সঙ্গে ফোনে কথা বলা, বই বা টেলিভিশন- সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

Imran Khan 04

সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১০ ফেব্রুয়ারি ব্যারিস্টার সফদার ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পান এবং দেখতে পান যে ইমরান তার ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন। অথচ কারা কর্তৃপক্ষ এ বিষয়ে তার পরিবার বা আইনজীবীকে কিছুই জানায়নি। ওই সাক্ষাতের পর জেল প্রশাসন প্রতিহিংসাপরায়ণ হয়ে তাকে আবারও পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়।

চিঠিতে তিনি আরও অভিযোগ করেন, সারা বছরে তাঁকে মাত্র চারবার এবং বুশরা বিবিকে মাত্র একবার আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়েছে। এমনকি কারাগারের কেউ তাঁর সালামের উত্তর বা পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াত শুনলেও কোনো সাড়া দেওয়ার অনুমতি পায় না। ইমরানের ভাষায়, এর একমাত্র উদ্দেশ্য হলো আমাকে অসুস্থ করে ফেলা এবং আমার মনোবল ভেঙে দেওয়া।

নিজের চেয়েও স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়ে বেশি উদ্বিগ্ন ইমরান খান। তিনি জানান, গত এপ্রিল মাসে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন (রেটিনাল ডিটাচমেন্ট) হয়ে যায় এবং গোপনে একটি জটিল অস্ত্রোপচারের পরই তাকে আবার নির্জন কারাকক্ষে ফিরিয়ে আনা হয়। ইমরান লেখেন, চলতি মাসে যখন আমি তাকে দেখি, সে আলো সহ্য করতে পারছিলো না এবং চোখ খুলতে পারছিলো না। চিকিৎসকদের মতে তার চোখে ছানি জমেছে এবং দ্রুত আরেকটি অস্ত্রোপচার না করলে সে চিরতরে দৃষ্টিশক্তি হারাতে পারে।

Imran Khan 01

অন্যদিকে নিজের শারীরিক অবস্থার ভয়াবহতা তুলে ধরে ৭৪ বছর বয়সি ইমরান জানান, নির্জন কারাবাসে তার রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, ১৩০ থেকে বেড়ে ১৫০, ১৭০ এবং গত ১০ নভেম্বর তা ১৯২ ও ১৯৩-এ পৌঁছেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ব্রেইন হ্যামারেজ এবং কার্ডিয়াক অ্যারেস্টের চরম ঝুঁকিতে আছেন এবং ইতোমধ্যে তার হার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ইমরান লেখেন, ৭৪ বছর বয়সে এই নিরবচ্ছিন্ন নির্যাতন আমাকে এমন এক জায়গায় নিয়ে যাচ্ছে, যেখান থেকে আমি হয়তো জীবিত ফিরে আসব না।

গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট দুই দিনের মধ্যে ইমরানকে ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেও সরকার তা অমান্য করে তাকে পিআইএমএস হাসপাতালে নিয়ে আবার কারাগারে ফিরিয়ে আনে।

Imran
চিঠির শেষে ইমরান খান বিচারপতিদের উদ্দেশে বলেন, আমি কোনো অনুগ্রহ চাইছি না। কেবল সুপ্রিম কোর্টের আদেশের বাস্তবায়ন এবং আমাদের সুচিকিৎসার ন্যায়বিচার চাইছি। আমি বেঁচে থাকলেই কেবল নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব। মানবিকতার খাতিরে বলছি, খুব দেরি হয়ে যাওয়ার আগেই আমাকে ন্যায়বিচার দিন।

বাবার এই চিঠি পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরানের দুই ছেলে কাসিম ও সুলাইমান। সুলাইমান চিঠিটিকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ আখ্যা দিয়ে বলেন, সুচিকিৎসা কোনো বিশেষ সুবিধা নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকারের ন্যূনতম মানদণ্ড। তিনি অবিলম্বে তার বাবাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবি জানান।

এদিকে, জাতীয় পরিষদ ও সিনেটের বিরোধী দলীয় নেতা মেহমুদ খান আচাকজাই এবং আল্লামা রাজা নাসির আব্বাস এক যৌথ বিবৃতিতে এই ঘটনাকে পাকিস্তানের পুরো বিচার ব্যবস্থার জন্য 'অগ্নিপরীক্ষা' হিসেবে অভিহিত করেছেন। পিটিআই’র তথ্য সচিব শেখ ওয়াকাস আকরামও মানবিক দৃষ্টিকোণ থেকে আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

তথ্যসূত্র: দ্য ডন

তবে ইমরান খান ও পিটিআই’র এসব অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছেন পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী। তিনি দাবি করেন, কারাগারে চিকিৎসা না পাওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং ইমরান খান বর্তমানে পাকিস্তানের অন্যতম ‘সুবিধাপ্রাপ্ত বন্দি’।

imran

মন্ত্রীর ভাষ্যমতে, ইমরানকে তার পছন্দমতো খাবার, বই ও টেলিভিশন দেওয়া হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকরা সাপ্তাহিকভাবে তার স্বাস্থ্য পরীক্ষা করছেন। এ পর্যন্ত আটবার তাকে পিআইএমএস হাসপাতালে নেওয়া হয়েছে এবং লন্ডন থেকে আসা একজন চিকিৎসকও তার রক্তচাপ পরীক্ষা করে তা সন্তোষজনক বলে জানিয়েছেন। স্বাস্থ্য নিয়ে রাজনৈতিক প্রোপাগান্ডা না ছড়ানোর জন্য পিটিআই’র প্রতি আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, রাজনৈতিক বয়ান দিয়ে আইনি জবাবদিহিতা এড়ানো সম্ভব নয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৫ আগস্ট থেকে কারাগারে আছেন ইমরান খান এবং ২০২৫ সালের ১৭ জানুয়ারি থেকে কারাবন্দি রয়েছেন তার স্ত্রী বুশরা বিবি।