ভারতের মোস্ট ওয়ান্টেড এবং আন্তর্জাতিকভাবে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী হাফিজ সাঈদ ও মাসুদ আজহারকে নতুন গোপন আস্তানায় সরিয়ে নিয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানে একের পর এক ভারতবিরোধী সন্ত্রাসী রহস্যজনক পরিস্থিতিতে নিহত হওয়ার ঘটনা এবং ‘অজানা বন্দুকধারী’দের আতঙ্কই এই স্থানান্তরের মূল কারণ। এছাড়া ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানের পর নতুন কোনো সামরিক আঘাতের আশঙ্কায় রীতিমতো তটস্থ হয়ে পড়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ।
লস্কর-ই-তাইয়েবার প্রধান হাফিজ সাঈদকে লাহোরের জোহর টাউন থেকে সরাসরি সরিয়ে নেয়া হয়েছে রাওয়ালপিন্ডির গ্যারিসন গ্রাউন্ড এলাকায়, যা পাকিস্তান সেনাবাহিনীর মূল সদর দপ্তরের অত্যন্ত কাছে অবস্থিত। অন্যদিকে, জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে রাখা হয়েছে সিন্ধু প্রদেশের নওয়াবশাহের একটি সুরক্ষিত সেফ হাউসে।
পাকিস্তান সরকারের পক্ষ থেকে দাবি করা হয় যে, হাফিজ সাঈদ বর্তমানে লাহোরের কোট লাখপৎ জেলে সন্ত্রাসী অর্থায়ন মামলায় সাজা ভোগ করছেন। তবে গোয়েন্দা সংস্থাগুলো এই দাবিকে সম্পূর্ণ সাজানো নাটক বলে উড়িয়ে দিয়েছে। তাদের ভাষ্যমতে, কারাগারে নয়, বরং চরম নিরাপত্তার চাদরে মোড়া বিলাসবহুল সেফ হাউসে বেশ আরামেই দিন কাটাচ্ছেন এই সন্ত্রাসী। প্রাণভয়ে হাফিজ সাঈদ এখন লস্কর সদস্যদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন এবং কেবল অডিও বার্তার মাধ্যমেই যোগাযোগ রক্ষা করছেন। একই সঙ্গে তার গতিবিধিও কঠোরভাবে সীমিত করা হয়েছে।
অন্যদিকে, ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানের মুখে মারাত্মক বড় ধাক্কা খেয়েছে জইশ-ই-মোহাম্মদ। বাহাওয়ালপুরে অবস্থিত জইশের প্রধান ঘাঁটি ‘মারকাজ’ ওই অভিযানে ব্যাপক ধ্বংসের শিকার হয়, যার পর থেকে সংগঠনটি আর ঘুরে দাঁড়াতে হিমশিম খাচ্ছে। মাসুদ আজহারও বর্তমানে সাধারণ সদস্যদের আড়ালে থেকে কেবল অত্যন্ত বিশ্বস্ত ও শীর্ষ কমান্ডারদের একটি নির্বাচিত দলের সঙ্গেই যোগাযোগ বজায় রাখছেন।
উল্লেখ্য, হাফিজ সাঈদ মুম্বাইয়ের ভয়াবহ ২৬/১১ হামলাসহ ভারতে বহু রক্তাক্ত সন্ত্রাসের মূল হোতা। আর মাসুদ আজহার পুলওয়ামা হামলা, পাঠানকোট হামলা এবং ভারতীয় সংসদ ভবনে হামলার মতো চাঞ্চল্যকর ঘটনাগুলোর প্রধান পরিকল্পনাকারী। জাতিসংঘ এই দু'জনকেই বিশ্ব সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করেছে। তবে বর্তমান পরিস্থিতিতে কোনো জেলের ভেতর নয়, বরং আইএসআইয়ের সরাসরি ও কঠোর সুরক্ষায় নতুন আস্তানায় লুকিয়ে দিন কাটাচ্ছে পাকিস্তানের এই দুই শীর্ষ সন্ত্রাসী।
তথ্যসূত্র: এনডিটিভি
