মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথা ‘Belonging: A Journey of Love’ প্রকাশনা অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের এক বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী। কেমব্রিজে ছাত্রজীবনে একসময়ের প্রেমিকাকে নিয়ে একটি রেস্তোরাঁয় যাওয়ার স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, ওই নারী এখন তাঁর ভালো বন্ধু।
একই সঙ্গে অনুষ্ঠানে সোনিয়া গান্ধীর জীবনের কঠিন লড়াই, চারবার ক্যানসার জয় এবং রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পরের দিনগুলোর অজানা অধ্যায় তুলে ধরেন রাহুল ও সোনিয়া গান্ধী।
রাহুল জানান, কেমব্রিজে পড়ার সময় তাঁর বিশেষ ইচ্ছা ছিল সেখানকার বিখ্যাত ভার্সিটি রেস্তোরাঁয় যাওয়ার। কারণ, সেখানেই প্রথম দেখা হয়েছিল তাঁর বাবা রাজীব গান্ধী ও মা সোনিয়া গান্ধীর। বহু বছর আগে কেমব্রিজে থাকার সময় নিজের প্রেমিকাকে নিয়ে সেই রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি।
খাবারের মেনু হাতে পাওয়ার পর রেস্তোরাঁর এক কর্মীকে রাহুল বলেছিলেন, এই রেস্তোরাঁতেই তাঁর বাবা-মায়ের প্রথম দেখা হয়েছিল। জবাবে সেই কর্মী তাদের চেনার কথা জানান। রাহুল স্মৃতিচারণ করে বলেন, আমি যখন বলি এই রেস্তোরাঁতেই আমার বাবা-মায়ের দেখা হয়েছিল, তখন কর্মীটি হাসিমুখে জানান, তিনি তাদের খুব ভালোভাবেই চেনেন। পরে অনুষ্ঠানে রাহুলের কাছে তাঁর স্মৃতিচারণে উল্লেখ করা সেই প্রেমিকা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি হেসে উত্তর দেন, তিনি এখন আমার বন্ধু।
মায়ের জীবনের লড়াইয়ের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল। তিনি জানান, সোনিয়া গান্ধী তাঁর স্মৃতিকথায় নিজেকে দুবার বা তিনবার ক্যানসারজয়ী হিসেবে উল্লেখ করলেও বাস্তবে তিনি চারবার ক্যানসারকে পরাজিত করেছেন।
মায়ের মানসিক শক্তির প্রশংসা করে রাহুল বলেন, এই বইয়ে আপনারা যে মাকে দেখছেন, তিনি বাবা মারা যাওয়ার আগের সময়ের মানুষ। তিনি সব কিছুই ছোট করে দেখেন। আমার জীবনে একবারও তাঁকে ভীত হতে দেখিনি, কখনো পিছিয়ে আসতেও দেখিনি।
রাজীব গান্ধী বেঁচে থাকলে সোনিয়া গান্ধীকে নিয়ে কতটা গর্বিত হতেন, সে কথাও প্রকাশ করেন রাহুল। অনুষ্ঠানে তাঁর সঙ্গে বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও উপস্থিত ছিলেন।
অন্যদিকে, অনুষ্ঠানে ১৯৯১ সালে রাজীব গান্ধী হত্যাকাণ্ডের পর পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের স্মৃতিচারণ করেন সোনিয়া গান্ধী। তিনি জানান, স্বামীর মৃত্যুর মাত্র কয়েক মাস পর রাহুলকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠাতে হয়েছিল।
কিন্তু নিরাপত্তার খাতিরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে রাহুলের সঙ্গে নিরাপত্তারক্ষীদের অবস্থানের অনুমতি দেয়নি, কারণ এতে অন্য শিক্ষার্থীদের নিরাপত্তাও ঝুঁকির মুখে পড়তে পারত।
পরবর্তীতে ভারত ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয়ে রাহুলকে দেশটির অন্য একটি কলেজে ভর্তি করানোর ব্যবস্থা করা হয়, যেখানে অধিকাংশ শিক্ষার্থীই ছিল আমেরিকান। নিজের প্রকৃত পরিচয় গোপন রাখতে রাহুলকে সে সময় ছদ্ম নাম ব্যবহার করতে হয়েছিল।
সোনিয়ার ভাষ্য অনুযায়ী, রাহুলের জন্য সেই সময়টি ছিলো অত্যন্ত কঠিন। নিজের পরিবার বা পরিচয় সম্পর্কে কাউকে কিছু বলতে না পারায় বন্ধুদের সঙ্গে স্বাভাবিক মেলামেশা বা যোগাযোগ রাখা তাঁর পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস-এনডিটিভি