শীর্ষ 'ককরোচ' নেতাদের বিরুদ্ধে নিত্য নতুন পদক্ষেপ!

ককরোচ জনতা পার্টি বা সিজেপির (সিজেপি) তিন নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার বা এলওসি জারি করেছে মুম্বাই পুলিশ। গত মাসে অনুমতি না নিয়ে মুম্বাইয়ে আয়োজিত একটি বিক্ষোভ কর্মসূচির জেরে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মুম্বাই পুলিশের তরফ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে।

আদালত ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সৌরভ দাসের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারির বিষয়টি কেন্দ্রীয় সরকার আদালতকে জানিয়েছে। তবে দাসের আইনজীবীর দাবি, এ ধরনের কোনো সার্কুলার সম্পর্কে তাঁরা অবগত ছিলেন না। সাধারণত কোনো মামলার আসামি বা অভিযুক্ত ব্যক্তি যাতে দেশ ছেড়ে পালাতে না পারেন, সে জন্য বিমানবন্দরসহ দেশের বিভিন্ন প্রবেশ ও প্রস্থান পথে ইমিগ্রেশন ব্যুরোর পক্ষ থেকে লুকআউট নোটিশ জারি করা হয়।

CJP Sourab Das
 ‘চলো মুম্বাই’ বিক্ষোভ ও মামলার প্রেক্ষাপট

ভোটার তালিকা বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) অনিয়মের অভিযোগ এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত ২ অক্টোবর দাদারের শিবাজি পার্কে ‘চলো মুম্বাই’ বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে সিজেপি। পুলিশ এই বিক্ষোভের অনুমতি না দিলেও কর্মসূচি পালন করে সংগঠনটি এবং পরদিন ৩ অক্টোবর মুম্বাই পুলিশ এ ঘটনায় মামলা দায়ের করে।

ওই বিক্ষোভে চার হাজারের বেশি মানুষ অংশ নেন, যেখানে অভিনেতা নাসিরুদ্দিন শাহ ও শাবানা আজমি এবং প্রামাণ্যচিত্র নির্মাতা আনন্দ পাটোয়ার্দনের মতো পরিচিত মুখও উপস্থিত ছিলেন। বেআইনি সমাবেশ ও পুলিশের নির্দেশ অমান্যের অভিযোগে সিজেপি নেতাসহ চার শতাধিক সমর্থকের নাম এজাহারে উল্লেখ করে পুলিশ। সম্ভাব্য দেশত্যাগ ঠেকাতেই শীর্ষ পুলিশ কর্মকর্তারা এই লুকআউট সার্কুলার জারি করেছেন বলে জানানো হয়েছে।

CJP Protest 02
দিল্লি বিমানবন্দরে আটক ও পাসপোর্ট নিয়ে নতুন তথ্য

লুকআউট নোটিশের মুখে থাকা তিন নেতার মধ্যে সৌরভ দাসকে গত ২৩ নভেম্বর যুক্তরাজ্যগামী ফ্লাইটে ওঠার আগে দিল্লি বিমানবন্দরে আটকে দেওয়া হয়। এরপর তিনি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে সার্কুলারের বিস্তারিত তথ্য চেয়ে আবেদন করলেও আদালত তা খারিজ করে দেন।

কেন্দ্রীয় সরকার আদালতকে জানায়, দাসের বিরুদ্ধে জারি হওয়া লুকআউট নোটিশের কারণেই তাঁকে বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে। চেন্নাই আঞ্চলিক পাসপোর্ট অফিস পাসপোর্টে তাঁর জন্মস্থান সংক্রান্ত অসংগতির বিষয়ে দাসকে একটি নোটিশ পাঠিয়েছিল বলেও কেন্দ্র উল্লেখ করে; সরকারের মতে, এই অসংগতি ওই আন্দোলনকারীর ভারতীয় নাগরিকত্বের ওপর প্রভাব ফেলতে পারে।

যদিও দাসের আইনজীবী কোনো লুকআউট সার্কুলারের বিষয়ে অবগত থাকার কথা অস্বীকার করেছেন। দিল্লি হাইকোর্টে এ মামলার পরবর্তী শুনানি আগামী ৯ ডিসেম্বর নির্ধারিত রয়েছে। দীপকে, দাস ও রাঙ্কা ব্যঙ্গাত্মক রাজনৈতিক গোষ্ঠী সিজেপির প্রথম সারির নেতা, যারা বিরোধী দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত থেকে জেন-জি বা তরুণ প্রজন্মের সমর্থন আদায়ে সক্রিয় ছিল।

তথ্যসূত্র: এনডিটিভি