পাসপোর্টে জন্মস্থান ভুল উল্লেখ থাকায় ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান মুখপাত্র ও সহ-আহ্বায়ক সৌরভ দাসকে যুক্তরাজ্যগামী ফ্লাইটে উঠতে বাধা দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এনডিটিভিকে দেয়া তথ্যে সূত্রগুলো জানায়, একটি অনুষ্ঠানে যোগ দিতে লন্ডনে যাওয়ার কথা থাকলেও জন্মস্থান হিসেবে পাসপোর্টে ভুলবশত চেন্নাইয়ের নাম লেখা থাকায় তাঁকে আটকে দেওয়া হয়।
সৌরভ দাস এর আগে দিল্লি বিমানবন্দর থেকে একটি ভিডিও শেয়ার করে অভিযোগ করেন যে, অক্সফোর্ড, কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিক্স (এলএসই) ও এডিনবার্গের মতো বিশ্ববিদ্যালয়ে ‘ককরোচ মুভমেন্ট’ নিয়ে বক্তব্য দিতে যাওয়ার পথে তাঁকে বাধা দেওয়া হচ্ছে। তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তাঁর যাত্রাপথ রুদ্ধ করার অভিযোগ তোলেন।
সূত্রের দাবি, পাসপোর্টে চেন্নাইকে জন্মস্থান হিসেবে ভুলভাবে দেখানোর কারণেই সৌরভ দাসের ভ্রমণ আটকে দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস তাঁর পাসপোর্ট জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে। লন্ডনে রওনা হওয়ার দিন অর্থাৎ ২৩ নভেম্বরই তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট অফিস সৌরভ দাসকে সাত দিনের মধ্যে জবাব দিতে বলেছে এবং জবাব দাখিল না করা পর্যন্ত ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্টটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। ২০১৯ সালের ২১ আগস্ট চেন্নাই আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেই তাঁর পাসপোর্টটি ইস্যু করা হয়েছিল। এই নতুন অগ্রগতি নিয়ে সৌরভ দাসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে এক্সে দেওয়া এক পোস্টে সৌরভ দাস সরকারকে ‘কাপুরুষ’ আখ্যা দেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি স্টুডেন্টস ইউনিয়ন থেকে একটি প্যানেল আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ পাওয়ার কথা জানিয়ে তিনি লেখেন, ইমিগ্রেশন তল্লাশিতে যেতেই জানতে পারেন তাঁর পাসপোর্ট ফ্ল্যাগ করা হয়েছে।
শিক্ষিত তরুণদের বুদ্ধিবৃত্তিক আলোচনায় অংশ নিতে দেখে সরকার কেন এত ভীত, সে প্রশ্নও তোলেন তিনি। ব্যঙ্গাত্মক সুরে নীরব মোদী বা বিজয় মালিয়ার মতো হাজার হাজার কোটি টাকা লুটপাট না করার আক্ষেপও প্রকাশ করেন তিনি; তবে থেমে না থেকে ভবিষ্যতে লন্ডন ও প্যারিসসহ বিভিন্ন স্থানে যাওয়ার প্রত্যয় জানান।
এদিকে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এক্স-এ দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পাওয়ায় ক্ষমতাসীনদের কেউ ঈর্ষান্বিত হয়ে এই বাধা সৃষ্টি করেছে।
উইলিয়াম ও কেটের গ্রামের বাড়িতে দুর্বৃত্তের হানা!
ট্রাম্পের চাপেই এনভিডিয়ায় ফিরলেন জেনসেন হুয়াং